Home » জোশীমঠ বিপর্যয় ঘিরে উদ্বেগ

জোশীমঠ বিপর্যয় ঘিরে উদ্বেগ

সময় কলকাতা ডেস্ক,৭ জানুয়ারিঃ ক্রমশ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে উত্তরাখণ্ডের জোশীমঠ বিপর্যয়। প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, জোশীমঠ থেকে কপ্টারে উদ্ধার করা হবে দুর্গতদের। এদিকে, শুক্রবার সন্ধের পর থেকে রাত পর্যন্ত আরও বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। শনিবার সকাল পর্যন্ত যা খবর তাতে প্রায় ৬০০ বাড়িতে ফাটল দেখা গিয়েছে এই ধর্মীয় জনপদে। শুক্রবার সন্ধ্যায় উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠে ভেঙে পড়ে আস্ত মন্দির। মেঝে ও দেওয়ালে দীর্ঘদিন ধরেই ফাটল থাকার কারণে পরিত্যক্ত অবস্থায় ছিল মন্দিরটি।


শুক্রবার সন্ধ্যায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করে দুর্গত মানুষকে এয়ার লিফটের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করতে হবে। এরমধ্যে কেন্দ্রীয় সরকারও পৃথক একটি টিম পাঠাচ্ছে জোশীমঠে। সেখানে পরিবেশ মন্ত্রক, কেন্দ্রীয় জল কমিশন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ক্লিন গঙ্গা মিশনের প্রতিনিধিরা থাকবেন। তাঁরা গিয়ে ওই এলাকার মাটির অবস্থা দেখে পরবর্তী পদক্ষেপ হিসেবে কী করণীয় সে ব্যাপারে রিপোর্ট দেবে দিল্লিকে। এই অবস্থায় পুনর্বাসনের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সারা রাত প্রবল ঠান্ডায় কয়েক হাজার মানুষ কাটিয়েছেন খোলা আকাশের নীচে। পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলেই মত পর্যবেক্ষকদের।তবে শুধু জোশীমঠ নয়, পার্শ্ববর্তী গ্রাম আউলিতেও একই সমস্যা দেখা দিয়েছে। গোটা চামোলি জেলা জুড়েই বাড়ি-ঘর, এমনকি রাস্তাতেও চওড়া ফাটল দেখা দিয়েছে। সেই ফাটল প্রত্যেক দিন বাড়ছে বলে দাবি স্থানীয়দের। জোশীমঠে ফাটলের কারণে অন্তত তিন হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে। উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, ফাটল ধরার কারনে যাঁরা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন, তাঁদের আগামী ৬ মাস মুখ্যমন্ত্রী ত্রান তহবিল থেকে বাড়িভাড়া বাবদ ৪ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। শহরের ভূমিকম্পপ্রবণ একটি এলাকার ৪০টি পরিবার ইতিমধ্যেই অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে বলে জানা গিয়েছে।


যদিও জিওলজিস্ট থেকে শুরু করে বিজ্ঞানী, অনেকেই জোশীমঠের অবস্থানের জন্য কী কী বিপদ ঘটতে পারে, তা নিয়ে সতর্ক করেছেন অনেক আগেই। সূত্রের খবর,১৮৮৬ সালে প্রথমবার জোশীমঠ নিয়ে সতর্ক করা হয়েছিল। জানা গিয়েছে, প্রাচীন যুগে এক ভয়াবহ ভূমিধস হয়েছিল উত্তরাখণ্ডে। সেই ধ্বংসস্তূপের ঠিক উপরেই তৈরি হয় জোশীমঠ। কার্যত সেকারণে স্বাভাবিকভাবেই জোশীমঠের ভিত খুবই দুর্বল।

About Post Author