সময় কলকাতা ডেস্ক,১১ জানুয়ারিঃ ২০২২-এর ১৪ মে মৃণাল সেনের ৯৯ তম জন্মদিন উপলক্ষ্যে আগামী ছবির কথা ঘোষণা করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম ‘পদাতিক দ্য ফুট সোলজার।’ মৃণাল সেনের জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই ছবির পরিকল্পনা করেছেন বলেই জানা গিয়েছে। চলতি বছরেই মৃণাল সেনের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বড় পর্দায় মুক্তি পাবে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এই ছবিটি। আর এবার টিম ‘পদাতিক’ সহ পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং চঞ্চল চৌধুরীকে এই ছবির জন্য শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন। বুধবার বিগ বি অমিতাভ বচ্চন নিজের সোশ্যাল মিডিয়া ‘পদাতিক’ ছবির পোস্টার শেয়ার করে লিখছেন, ‘অনেক শুভেচ্ছা।’

সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের পর মৃণাল সেনই এমন একজন পরিচালক যাঁর হাত ধরে ভারতীয় চলচ্চিত্রের চালচিত্র এক নতুন দিশা খুঁজে পায়। কথায় আছে শিল্পীর মৃত্যু হলেও শিল্পের মৃত্যু হয়না। ঠিক তেমন ভাবেই মৃণাল সেন তাঁর সৃষ্টির মধ্য দিয়েই রয়ে গেছেন আমাদের মধ্যে। এই প্রজন্মের বিশিষ্ট পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সৃজনশীল ভাবনায় এবার সেলুলয়েডের পর্দায় আসবে মৃণাল সেনের স্মৃতিচারণা। ২০২২-এর ৩০ ডিসেম্বর সৃজিত জানিয়েছিলেন,পদাতিক ছবিতে মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আর এবার বছরের শুরুতেই জানা গেল, পরিচালক মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী মনামী ঘোষ। এ প্রসঙ্গে মনামী বলেন, সৃজিত মুখোপাধ্যায় এবং চঞ্চল চৌধুরীর সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমি আশাবাদী, কাজটা খুব ভালো হবে। বাকিটা দর্শক বিচার করবে।’

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পদাতিক ছবির পোস্টার শেয়ার করে সৃজিত মুখোপাধ্যায় লিখেছিলেন ‘কামিং সুন’। ছবির পোস্টারেও ছিল অভিনবত্ব। সাদা কালো ছবির পোস্টারে দেখা গিয়েছিল মৃণাল সেন বসে রয়েছেন রাস্তার ওপরে। একজন বাঙালি ও বাংলা ছবির দর্শক হিসেবে স্বর্ণযুগের স্বনামধন্য পরিচালক মৃণাল সেনের মতো ব্যক্তিত্বকে বড় পর্দায় দেখার জন্য ইতিমধ্যেই প্রহর গোনা শুরু করে দিয়েছে তাঁর ভক্তরা। সৃজিত নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,‘লকডাউন এর সময় থেকেই এই ছবির কথা সকলের সঙ্গে শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু তা আর হয়ে ওঠেনি। তবে মৃণাল সেনের জন্ম শতবার্ষিকীতে ভালো কিছুই হতে চলেছে। খুব চ্যালেঞ্জের সঙ্গেই নামতে হবে শুটিং ফ্লোরে।’


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র