Home » মিড ডে মিলের উপর নজরদারিতে জয়েন্ট রিভিউ মিশন গঠন

মিড ডে মিলের উপর নজরদারিতে জয়েন্ট রিভিউ মিশন গঠন

সময় কলকাতা ডেস্ক,১৪ জানুয়ারিঃ রাজ্যে মিড ডে মিল নিয়ে প্রায় প্রতিদিনই জেলাগুলিতে বিক্ষোভ অব্যাহত। চাল চুরি, ডাল চুড়ি’র পর বর্তমানে খাবারের গুণগতমান নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছে। সাম্প্রতিক সময়ে মিড ডে মিলের খাবারে মিলেছে সাপ, মরা ইঁদুর, টিকটিকি সহ বিষাক্ত পোকামাকড়। বহু ক্ষেত্রেই ছাত্র-ছাত্রীরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে লিখিত রিপোর্ট পাঠিয়েছেন এর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক খবর রিজিওনাল ও জাতীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে এবার নড়েচড়ে বসলো কেন্দ্র সরকার। এর পরিপ্রেক্ষিতেই জয়েন্ট রিভিউ মিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই জয়েন্ট রিভিউ মিশনে রাখা হয়েছে বেশ কয়েকজন এক্সপার্ট কে তার সাথে নিউট্রিশনিস্ট ও কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা। শনিবার এ প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘আমরা আশা করব বাংলার সরকার এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করবে।’

এদিকে, গত ৫ জানুয়ারি মিড ডে মিল নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নের তরফে রাজ্যের সমস্ত জেলা শাসকদের একটি নির্দেশিকা পাঠানো হয়েছে । যেখানে বলা হয়েছে,এবার থেকে রাজ্যের সরকারি, সরকার সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে পড়ুয়াদের পাতে ডাল-ভাত-তরকারির পাশাপাশি থাকবে মুরগীর মাংস, ডিম থাকবে ফলও। সপ্তাহে ৩ দিন ডিম ও মরসুমি ফল দেওয়া হবে। আর এর জন্য মোট রাজ্য সরকারের খরচ হবে অতিরিক্ত ৩৭০ কোটি টাকা। প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা খরচ করা হবে। একমাসে পড়ুয়া পিছু মোট ৩২০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৪ মাস, অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মিড ডে মিলে নতুন মেনু নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত,মিড-ডে মিল প্রকল্পে দুর্নীতি প্রকাশ্যে এসেছে গত কয়েক মাস ধরে। একশো দিনের কাজ, আবাস যোজনার পর মিড ডে মিলে এই দুর্নীতি যা সরাসরি ভাবে প্রভাব ফেলেছে সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের মনে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে কোণঠাসা রাজ্যের শাসক দল। আর তাই গ্রামাঞ্চলের প্রান্তিক শ্রেণীর মানুষের আস্থা ফিরে পেতে মিড ডে মিলে ডিম মাংস ফল দেওয়ার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরের। চাল চুরি থেকে নিম্নমানের খাবার পরিবেশন, কম ছাত্রকে খাইয়ে বেশি ছাত্র দেখানোর মতো নানা অভিযোগে এর আগে স্কুলের প্রধান শিক্ষক ঘেরাওয়ের ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল জেলায় জেলায়।

About Post Author