Home » নির্বাচনী প্রচারে তৎপর শাসকদল

নির্বাচনী প্রচারে তৎপর শাসকদল

সময় কলকাতা ডেস্ক,২০ জানুয়ারিঃ উত্তরপূর্ব দুই রাজ্যে নির্বাচন ঘোষণা হতেই তৎপরতা তৃণমূল শিবিরে। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, শুক্রবার অর্থাৎ আজই ক্যামাক স্ট্রিট দফতরে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসছেন তিনি। আবার এদিনই ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলেই জানা গিয়েছে। এছাড়াও নির্বাচনী প্রচার নিয়ে রণকৌশল ও চূড়ান্ত হতে পারে এদিনের এই বৈঠকে।

ইতিমধ্যেই ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ড, এই তিন রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা ভোট। এদিকে, মেঘালয় এবং নাগাল্যান্ডে ভোট আগামী ২৭ ফেব্রুয়ারি। আর এই তিন রাজ্যেরই ফলাফল ঘোষণা আগামী ২ মার্চ। নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে,আগামী ২১ জানুয়ারি পর্যন্ত ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দেওয়া হবে। ত্রিপুরায় মনোনয়ন পত্র জমা করার শেষ দিন ৩০ জানুয়ারি। অন্যদিকে,মেঘালয় এবং নাগাল্যান্ডের নির্বাচনের জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন পত্র দেওয়া হবে। মনোনয়ন তোলা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে, মেঘালয়ে মনোনয়ন পত্র জমা করার শেষ দিন ২ ফেব্রুয়ারি এবং নাগাল্যান্ডের মনোনয়ন পত্র জমা করার শেষ দিন ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রসঙ্গত, ত্রিপুরার পাশাপাশি এবার মেঘালয়েও নির্বাচনে অংশ নিতে চলেছে তৃণমূল। কার্যত সেকারণেই তৃণমূলের পালে হাওয়া লাগাতে কয়েক দফায় মেঘালয় সফরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সফর সঙ্গী ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ২০২২-এর ডিসেম্বর মাসে দু’দিনের মেঘালয় সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ক্রিসমাসের সূচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তৃণমূলের সাংগঠনিক কর্মসূচিতেও হাজির ছিলেন তিনি। ইতিমধ্যেই কয়েক দফায় সেখানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সংগঠনের কাজ সরেজমিনে দেখছেন তিনি। নির্বাচনকে লক্ষ্য করে, দুর্নীতি ও বেকারত্বের মতো দু’টি জ্বলন্ত ইসুকে সামনে রেখে, মেঘালয়ে পরিবর্তনের ডাক দিয়ে ৬০ আসনের মধ্যে দলের ৫২ প্রার্থীর নাম ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। বাকি ৮টি আসনেও প্রার্থী দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সে রাজ্যের বিরোধী দলনেতা মুকুল সাংমা ও রাজ্য সভাপতি চার্লস পিংরোপ।

প্রসঙ্গত,রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। সূত্রের খবর, অভিষেক এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘালয় সফরেই উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে বড় চমক দেখা যেতে পারে। কেননা অন্যান্য দলের কিছু তাবড় নেতাদের মধ্যে দল ছেড়ে কেউ কেউ নাম লেখাতে পারেন তৃণমূলে। যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

About Post Author