সানি রায়, ২ অগাস্ট : মর্মান্তিক বললেও কম বলা হয়। পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ ধূপগুড়িতে।
বাড়ির পাশের পুকুরে পড়ে মর্মান্তিক মৃত্যু হল মাত্র দুই বছরের এক শিশুর। রবিবার সকালে এই হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে ধূপগুড়ি ব্লকের গাদং-২ গ্রাম পঞ্চায়েতের পুণ্ডিবাড়ি এলাকায়। মৃত শিশুর নাম রাজীব সরকার। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজীবের বাবা বলাই সরকার পেশায় রঙমিস্ত্রি। রবিবার সকালে পরিবারের সদস্যদের অজান্তেই বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায় শিশুটি। অনুমান, অসাবধানতাবশত সে পুকুরের জলে পড়ে যায় এবং তলিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা করে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মাত্র দুই বছরের ফুটফুটে সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন মা-বাবাসহ গোটা পরিবার। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের আবহ।।


More Stories
চা-বাগানে প্রকাশ্যে লেপার্ডের গরু শিকার
অজ্ঞাতবাস থেকে গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে
ইসলামপুরে দুষ্কৃতীর গুলিতে নিহত প্রধান শিক্ষক