Home » তাপস মণ্ডলকে ঘুষ দিইনি বলে এই হাল আমারঃ কুন্তল ঘোষ

তাপস মণ্ডলকে ঘুষ দিইনি বলে এই হাল আমারঃ কুন্তল ঘোষ

সময় কলকাতা ডেস্ক,২১ জানুয়ারিঃ তাপসকে ঘুষ দিইনি বলে এই হাল’, ষড়যন্ত্রের অভিযোগে সরব নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হওয়ার পর এভাবেই বোমা ফাটালেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। নিজের গ্রেপ্তারির নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ঘুষ না দেওয়ায় কারণেই এই হাল। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ চিনার পার্কের ফ্ল্যাট থেকে কুন্তল ঘোষকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। ফ্ল্যাট থেকে বেরনোর পরই সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিস্ফোরক দাবি করেন কুন্তল। এরপর গন্তব্য সিজিও কমপ্লেক্স।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ বলেন,‘কোনও টাকা নিইনি আমি। সব তাপস মণ্ডলের ষড়যন্ত্র। ওঁনাকে টাকা দিইনি, ঘুষ দিইনি বলে আজ এই হাল আমার। আমি টাকা নিইনি। তাপস মণ্ডল টাকা চেয়েছিলেন। সব ওঁর সাজানো। আমার কাছ থেকে ৫০ লক্ষ টাকা চেয়েছিলেন। ওঁরই চক্রান্ত।‘

প্রসঙ্গত, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করতেই হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের নাম উঠে আসে। বেআইনিভাবে শিক্ষক নিয়োগের নাম করে চাকরিপ্রার্থীদের থেকে ১৯ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে। সূত্রের খবর, তাপস মণ্ডল ইডি আধিকারিকদের জানিয়েছেন, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ। মোট ২৬০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে তুলেছেন তিনি। এই সংক্রান্ত একাধিক নথিও তাঁর কাছে রয়েছে বলে দাবি করেছেন তাপস। একইসঙ্গে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল জানান, কুন্তল শুধু প্রাথমিকের চাকরিপ্রার্থীদের থেকে টাকাই তোলেননি, উচ্চপ্রাথমিক,সংগঠক শিক্ষক পদে চাকরি দিতেও টাকা তুলেছেন। টাকা নেওয়ার বিষয়টি জানতে পেরেই অনেকবার কুন্তলকে টাকা ফেরত দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু ফেরত দেননি।’

About Post Author