Home » অমিত শাহকে চিঠি লিখলেন মল্লিকার্জুন খাড়গে

অমিত শাহকে চিঠি লিখলেন মল্লিকার্জুন খাড়গে

সময় কলকাতা ডেস্ক, ২৮ জানুয়ারিঃ রাহুল গান্ধি-সহ ভারত জোড়ো যাত্রায় অংশ গ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। চিঠিতে তিনি লিখেছেন, ৩০ জানুয়ারি যাত্রার সমাপ্তি দিনে শ্রীনগরে বড় জমায়েত হবে বলে তাঁরা আশা করছেন।

শুক্রবার রাহুল গান্ধির যাত্রায় বিপুল ভিড় হয়েছিল। তখনই দেখা যায়, রাহুলের চারপাশ থেকে নিরাপত্তার বেষ্টনী সরে গেছে। বহু মানুষ বিনা বাধায় রাহুলের কাছে চলে যান। কংগ্রেস নেতাদের পরামর্শে রাহুল থেমে যান। যাত্রার বাকিরা এগিয়ে যান। ফলে সাড়ে তিন হাজার কিলোমিটার যাত্রায় এই প্রথম সামান্য হলেও ছেদ পড়ে প্রাক্তন কংগ্রেস সভাপতির। শুক্রবার যাত্রা স্থগিত করে দেওয়ার পর রাহুল শনিবার সকালে অবন্তিপোড়া থেকে যাত্রা শুরু করেছেন। এদিনই শ্রীনগর এলাকায় প্রবেশ করার কথা যাত্রার।

যদিও কংগ্রেস নেতা রাহুল গান্ধির নিরাপত্তার দায়িত্বে থাকা জম্মু-কাশ্মীর পুলিশ অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, রাহুলের জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত ছিল। বাকি এক কিলোমিটার পথ তিনি হাঁটতেই পারতেন। আরও দাবি করা হয়েছে, রাহুলের নিরাপত্তা বলয়ের সামনের কর্ডনে ১৫ কোম্পানি আধা সেনা এবং ১০ কোম্পানি জম্মু ও কাশ্মীর পুলিশ ছিল। প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল। ফলে ঘটনার দায় চেপেছে কেন্দ্রীয় সরকারের উপর। কার্যত সেই কারণেই অমিত শাহকে চিঠি লিখেছেন মল্লিকার্জুন খাড়গে।

About Post Author