সময় কলকাতা ডেস্ক, ৫ ফেব্রুয়ারিঃ যোশীমঠ বিপর্যয়ের জেরে ৭০০ টিরও বেশি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এই বিপর্যয়ের পর যখন আতঙ্ক বাড়ছে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল, এবার কি চারধাম যাত্রা আদৌ হবে? তবে, সংবাদসংস্থা এএনআইকে এ ব্যাপারে স্পষ্ট জবাব দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। তিনি জানিয়েছেন, যোশীমঠের ফাটল চারধাম যাত্রায় কোনও প্রভাব ফেলবে না। তাঁর যুক্তি, এপ্রিল মাসে শুরু হবে চারধাম যাত্রা। তার আগে প্রায় ১০০ দিনের মতো এখনও সময় রয়েছে। এরমধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। চারধাম যাত্রার পথ, সেখানকার ভূতাত্ত্বিক পরিস্থিতি কী রয়েছে সে ব্যাপারে সরকারের কাছে যাতে সম্যক ধারণা থাকে তার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে সেই রিপোর্ট জমা পড়বে।

উল্লেখ্য, কেদারনাথ,বদ্রীনাথ , গঙ্গোত্রী এবং যমুনোত্রী—এই চার তীর্থস্থানকে একসঙ্গে চারধাম বলা হয়। গতবার চারধাম যাত্রায় বিপুল জনসমাগম হয়েছিল। উত্তরাখণ্ড সরকার আশা করছে এবারও তাই হবে। যদিও যোশীমঠের ঘটনার পর অনেকের মধ্যেই সংশয় কাজ করছে। তবে, শুধু তো যোশীমঠ নয়। নৈনিতাল, মুসৌরির মতো পাহাড়ি শহরেও ফাটল দেখা দিচ্ছে। উত্তরাখণ্ড নিয়ে যখন আতঙ্ক দানা বাঁধছে তখন ভয় ভাঙাতে চাইলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী।

উত্তরাখণ্ডে পাহাড়ের কোলে ছোট্ট এই শহরজুড়ে এখন শুধুই ফাটল। কোনও সময় বড়সড় ভাঙনের মুখে পড়তে পারে দেবভূমি। ফাটল দেখা দিয়েছে ৮৫০টিরও বেশি বাড়িতে। ফাটল দেখা দিয়েছে অবস্থিত যোশীমঠ-মালারি সড়কেও। ভারত-চিনের সীমান্তের খুব কাছে অবস্থিত এই রাস্তাজুড়ে নানা স্থানেই দেখা যাচ্ছে বড় বড় ফাটল। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘোষণা করে দিলেন, এই জনপদ বসবাসের উপযুক্ত নয়। এখানকার পুর এলাকাগুলিকে ‘বিপর্যস্ত’ তকমা দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন ধামির কাছে।

সম্প্রতি যোশীমঠের বাসিন্দাদের যাতে শিকড় উপড়ে না যায়, তার জন্যই ইতিমধ্যেই একটি মডেল শহর গঠনের প্রস্তাব দিয়েছে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট। যোশীমঠের ভাঙন রুখতে এই সংস্থার তরফে একটি বিপর্যয় প্রতিরোধক মডেল শহর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। যোশীমঠের যে সমস্ত বাসিন্দারা বাড়িতে ফাটল ধরার কারণে ঘরছাড়া হয়েছেন, তারা এরফলে উপকৃত হবেন। একদিকে যেমন সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউটের তরফে মডেল শহর গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, তেমনই কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের তরফেও তিন-স্তরীয় অ্যাকশন প্ল্যানের প্রস্তাব দেওয়া হয়েছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
যুদ্ধের জাঁতাকলে ভারত