Home » ভেঙে পড়ল বায়ুসেনার দুটি লড়াকু বিমান

ভেঙে পড়ল বায়ুসেনার দুটি লড়াকু বিমান

সময় কলকাতা ডেস্ক, ২৮ জানুয়ারিঃ শনিবার সকালে বায়ু সেনার লড়াকু বিমান নিয়ন্ত্রণ হারিয়ে গোত্তা খেয়ে পড়েছে মধ্যপ্রদেশের মোরেনা জেলায়। স্থানীয় সূত্রের দাবি, দুটি যুদ্ধ বিমান পর পর ভেঙে পড়েছে। একটি মিরাজ ২০০০ গোত্রের যুদ্ধ বিমান। অন্যটি সুখোই থার্টি। এ ব্যাপারে ভারতীয় বায়ুসেনার তরফে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।

সাধারণত গোয়ালিয়রে ভারতীয় বায়ুসেনার বেস থেকে প্রায়শই মহরা চলে। সেই মহরা বা প্রশিক্ষণের সময়েই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে দুই পাইলটের হতাহতের এখনও পর্যন্ত কোনও খবর নেই।

উল্লেখ্য, এ ধরনের যুদ্ধ বিমান মাঝ আকাশে বিকল হলে পাইলটের ইজেক্ট করার সুযোগ থাকে। অর্থাৎ বিমানের উপরের ঢাকনা খুলে পাইলট ছিটকে বেরিয়ে যেতে পারেন। এই ঘটনায় তেমন কিছু ঘটে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। বায়ুসেনা বিবৃতি দিলেই তা স্পষ্ট হবে। মিরাজ ২০০০ এবং সুখোই ৩০ দু’টিই খুবই পারদর্শী লড়াকু বিমান। ভারতীয় বায়ুসেনার রক্ষণে এই দুই গোত্রের বিমানই প্রথম সারির।

একইসঙ্গে শনিবারই  রাজস্থানের ভরতপুরে ভেঙে পড়ে চার্টার্ড বিমান। প্রযুক্তিগত ত্রুটির কারণেই বিমানটি ভেঙে পড়েছে বলে অনুমান। সেই ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এদিনই রাজস্থানে প্রধানমন্ত্রী মোদীর সফর রয়েছে। তার আগে ভেঙে পড়ল চার্টার্ড বিমান।   যান্ত্রিক গোলযোগের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলেই অনুমান করা হচ্ছে।  ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে পুলিশ এবং স্থানীয় প্রশাসন। ভরতপুরের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, প্রাথমিকভাবে দেখে বোঝা যাচ্ছে না সেটি প্রতিরক্ষা বাহিনীর বিমান কিংবা হেলিকপ্টার কিনা। তিনি আরও জনিয়েছেন, দুর্ঘটনাগ্রস্থ বিমানটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন চালক। তবে এখনও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

About Post Author