Home » মুখ্যমন্ত্রীর হাতে ডিলিট সম্মান তুলে দিয়ে ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল

মুখ্যমন্ত্রীর হাতে ডিলিট সম্মান তুলে দিয়ে ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল

সময় কলকাতা ডেস্ক, ৬ ফেব্রুয়ারি: গত সরস্বতী পুজোর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার কলকাতায় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দেওয়ার অনুষ্ঠানে এসেও তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন রাজ্যপাল বোস। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডিলিট দিয়েছিল। এবার উচ্চশিক্ষায় তাঁর অবদানের স্বীকৃতি দিয়ে মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডিলিট দিল কলকাতায় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। তাঁর হাতে শংসাপত্র তুলে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এরপরই তিনি বলেন, “এই ডক্টরেট অফ লিটারেচার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য ছিল। রাজনীতিতে সাফল্যের জন্য নয়। সেটা তিনি রাজ্যের মানুষের কাছ থেকে পেয়েছেন। তিনি এই সম্মানের যোগ্য এবং নিজের যোগ্যতাতেই তা অর্জন করেছেন। তাই আজ এত বড় সম্মান তাঁকে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফে প্রদান করা হল। আমরা সবাই খুশি। মমতা বন্দ্যোপাধ্যায় আমার সাংবিধানিক সহকর্মী। বাংলার পড়ুয়ারাই বাংলার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে পারেন”।

তিনি আরও বলেন, যে সমস্ত রাজনীতিবিদ রাজনীতির সঙ্গে সাহিত্যে অনন্য কীর্তি রেখেছেন তাঁদের মধ্যে অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার মুখ্যমন্ত্রীকে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গেও তুলনা করেন। অপরদিকে, দ্বিতীয় ডিলিট সম্মানে ভূষিত হওয়ার পর মুখ্যমন্ত্রী নিজের ভাষণে বলেন, আমি আমার এই পুরস্কার সাধারণ মানুষদের উৎসর্গ করলাম। আজ আমি যা, সব তাঁদেরই জন্য। তিনি আরও বলেন, পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির মতো কলকাতা, যাদবপুর বা সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কোনও অংশেই কম যায় না। পাশাপাশি তিনি সেন্ট ডেভিয়ার্স বিশ্ববিদ্যালয়কে শিক্ষার উন্নতির জন্য সার্বিক সাহায্য করার আশ্বাসও দিয়েছেন।

About Post Author