Home » ভূমিকম্পের সুযোগে সিরিয়ায় জেল ভেঙে পালাল ২০ কুখ্যাত আইএস জঙ্গি

ভূমিকম্পের সুযোগে সিরিয়ায় জেল ভেঙে পালাল ২০ কুখ্যাত আইএস জঙ্গি

সময় কলকাতা ডেস্ক, ৭ ফেব্রুয়ারি: তীব্র ভূমিকম্পে কার্যত তছনছ তুরস্ক ও সিরিয়া। মাটিতে মিশে গিয়েছে কয়েক হাজার বহুতল আবাসন। চারিদিকে মৃতদেহের স্তুপ, হাহাকার, কান্নার রোল। এই পরিস্থিতিতে মওকা বুঝে জেল ভেঙে পালিয়ে গেল ২০ জন কুখ্যাত আইএস জঙ্গি। ঘটনাটি সিরিয়ার। সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার সিরিয়ার উত্তর-পশ্চিম অংশে অবস্থিত রোজো শহর তীব্র ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয়।

তুরস্কের সীমান্তলাগোয়া এই শহরেই রয়েছে একটি বিশাল জেল। তাতে বন্দি ছিল প্রায় ২০০০ অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামী। আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর, দু’হাজারের মধ্যে ১৩০০ জনই ছিল সন্দেহভাজন ইসলামিক স্টেট বা আইএস জঙ্গি। ভূমিকম্পের জেরে তীব্রভাবে কেঁপে ওঠে জেল। তাতে শক্তপোক্ত এই জেলের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপরই এখানে বন্দি দুষ্কৃতীরা জেলের ভিতরেই তান্ডব শুরু করে। তাঁরা জেলের আলগা হয়ে যাওয়া দরজা জানলা ভেঙে বেরিয়ে আসে। এরপর জেলখানার একাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বন্দিদের সামলাতে যখন নিরাপত্তারক্ষীরা ব্যাস্ত ছিলেন, তখনই ২০ জন কুখ্যাত জঙ্গি সুযোগ বুঝে চম্পট দেয়।

ভূমিকম্পের জেরে জেলখানার দেওয়ালে ফাটল ধরেছিল, ফলে তাঁদের পালানো সহজ হয়ে যায়। উল্লেখ্য, সিরিয়ার এই রোজো শহরটি একসময় আইএস জঙ্গিদের দখলে ছিল। পরে দখলমুক্ত করে সিরিয়ান সেনা। কিন্তু এই ২০ জন চম্পট দেওয়া কুখ্যাত আইএস জঙ্গি এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ালো। মঙ্গলবার বিকেল পর্যন্ত তাঁদের হদিস পায়নি সিরিয়া প্রশাসন।

About Post Author