Home » তুরস্কের ভূমিকম্পে নিখোঁজ ভারতীয়র দেহ মিলল ধ্বংসস্তুপে

তুরস্কের ভূমিকম্পে নিখোঁজ ভারতীয়র দেহ মিলল ধ্বংসস্তুপে

সময় কলকাতা ডেস্ক, ১১ ফেব্রুয়ারি: গত সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়া ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়েছিল। একবার দু’বার নয়, রীতিমতো পাঁচবার ৭ পয়েন্টের বেশি মাত্রার কমপনে কেঁপে উঠেছিল তুরস্কের মাটি। ফলে ক্ষয়ক্ষতির পরিমান প্রশ্নতীত। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ২৫ হাজার। আগেই জানা গিয়েছিল তুরস্কে বেশ কয়েকজন ভারতীয় আটকে পড়েছিলেন। নিখোঁজ ছিলেন একজন। এবার সেই নিখোঁজ থাকা ভারতীয়র দেহ উদ্ধার হল তুরস্কে। মৃতের নাম বিজয়, বাড়ি উত্তরাখন্ডের পৌরি গাড়ওয়াল জেলায়।

এর আগেই বিজয়ের ব্যাগ ও পাসপোর্ট উদ্ধার হয়েছিল ধ্বংসস্তুপের মধ্যে। এবার সেই ধ্বংসস্তুপ সরিয়ে পাওয়া যায় দেহ। জানা যাচ্ছে, হাতের ট্যাটু দেখেই তাঁর দেহ চিহ্নিত হয়েছে। খবর দেওয়া হয়েছে তাঁর বাড়িতেও। উত্তরাখন্ড সরকারের তরফে জানানো হয়েছে, তুরস্কে ভূমিকম্পে মৃত একমাত্র ভারতীয়র বাড়িতে স্ত্রী ও সন্তান রয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, পেশায় ইঞ্জিনিয়ার বিজয় বেঙ্গালুরুর এক গ্যাস পাইপলাইন বসানোর সংস্থায় কর্মরত। সে নিজেই তুরস্কে যাওয়ার জন্য সংস্থার কাছে আবেদন করেছিল। কিন্তু সেই তুরস্কে যাওয়াই কাল হয়ে দাঁড়ালো ভারতীয় এই ব্যক্তির কাছে। আপাতত তাঁর দেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে ভারত সরকারের তরফ থেকে।

About Post Author