Home » মুখে নেই তৃণমূলের নাম! ত্রিপুরার ভোট প্রচারে মোদির আক্রমণ বাম-কংগ্রেসকে

মুখে নেই তৃণমূলের নাম! ত্রিপুরার ভোট প্রচারে মোদির আক্রমণ বাম-কংগ্রেসকে

সময় কলকাতা ডেস্ক, ১১ ফেব্রুয়ারি:  শনিবার ভোটমুখী ত্রিপুরায় প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে ভোটারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বিজেপির উন্নয়নের বার্তা যেমন দিলেন তেমনই একযোগে আক্রমণ করলেন বাম ও কংগ্রেসকে। কিন্তু একবারও মুখে আনলেন না তৃণমূল কংগ্রেসের নাম। ফলে স্বভাবতই রাজনৈতিক মহলে কৌতুহল দানা বেঁধেছে তাহলে কি প্রধানমন্ত্র্রী নরেন্দ্র মোদি তৃণমূলকে ধাতর্ব্যের মধ্যেই রাখছেন না?

শনিবার ত্রিপুরার আমবাসা ও রাধাকিশোরপুরে জনসভা করেন প্রধানমন্ত্রী। দুটি সভা থেকেই তিনি বাম ও কংগ্রেস জোটকে আক্রমণ করেন স্বভাবসুলভভঙ্গীতে। পাশাপাশি ত্রিপুরার উন্নয়নে বিজেপির ডবল ইঞ্জিন সরকার কতটা কার্যকরি ভূমিকা গ্রহন করেছে তার ফিরিস্তিও দেন তিনি। প্রধানমন্ত্রী এদিন ত্রিপুরায় বিজেপি সরকারের কাজের খতিয়ান দিতে গিয়ে ‘হীরা’ শব্দটি ব্যবহার করেছেন। এই ‘হীরা’ শব্দের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। মোদির কথায়, “এইচ ফর হাইওয়ে, আই ফর ইন্টারনেট, আর ফর রোডওয়েজ়, এ ফর এয়ারওয়েজ়। এই চারটে জিনিসে ভর করেই বদলে গিয়েছে ত্রিপুরা”।

অপরদিকে গত পাঁচ বছরের আগের ২৫ বছর ত্রিপুরায় শাসন করেছে বামফ্রন্ট। তার আগে কংগ্রেসের সরকার ছিল উত্তর পূর্বের এই ছোট্ট রাজ্যে। ওই প্রসঙ্গ তুলে এদিন মোদি বলেন, “জনগণের দ্বারা প্রত্যাখ্যাত দুই দল আবার হাত মিলিয়েছে। মাথায় রাখবেন, ওদের একটা ভোট দেওয়া মানে ত্রিপুরাকে আবার পিছিয়ে দেওয়া”। এছাড়া বিগত বাম জমানাকে চাঁদার জমানা বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এদিন একবারের জন্যও অপর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসকে নিয়ে একটি বাক্যও মুখে আনেননি। আসলে এবারই প্রথম ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছে তৃণমূল। ৬০ আসনের বিধানসভায় ২৮টি আসনে প্রার্থী দিয়েছে বাংলার শাসকদল। ইতিমধ্যেই ত্রিপুরায় প্রচার করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁরা আরও একবার প্রচারে যাবেন ত্রিপুরা। তবুও বিজেপির সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদি তৃণমূলকে নিয়ে কোনও কথা বললেন না। যা নিয়ে ইতিমধ্যেই কৌতহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

About Post Author