সময় কলকাতা ডেস্ক, ১১ ফেব্রুয়ারি: তিল তিল করে জমানো টাকা খেয়ে গেল উইপোকা। সব দেখে মূর্ছা গেলেন গ্রাহক, মাথায় হাত ব্যাঙ্ক ম্যানেজারের। ঘটনাটি রাজস্থানের উদয়পুর শহরের। একটি রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্কের লকারে নিজের জমানো ২ লক্ষ ১৫ হাজার টাকা রেখেছিলেন সুনীতা মেহতা নামে এক গ্রাহক। গত বৃহস্পতিবার তিনি ব্যাঙ্কের ওই শাখায় যান নিজের টাকা তুলতে। ব্যাঙ্ক ম্যানেজারের কাছে প্রয়োজনীয় অনুমতি নিয়ে তিনি লকার খোলেন। তারপরই কাণ্ড দেখে হতবাক হয়ে যান। তিনি দেখেন, অসংখ্য উইপোকা তাঁর জমানো টাকা গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। টাকার বান্ডিলের উপরে কিলবিল করছে অসংখ্য উইপোকা। যা দেখে মুহূর্তে অজ্ঞান হয়ে যান ওই মহিলা।

খবর পেয়ে ছুটে আসেন ব্যাঙ্ক ম্যানেজার ও অন্যান্য কর্মীরা। তাঁরাও টাকার বান্ডিল গুলির এই পরিণতি দেখে তাজ্জব। ক্ষতিগ্রস্ত গ্রাহক সুনীতা মেহতা পরে জানিয়েছেন, ব্যাঙ্কের লকারে রাখা আমার ২ লক্ষ ১৫ হাজার টাকা ইউপোকার পেটে চলে গিয়েছে। এর জন্য দায়ী ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তিনি দাবি করেন, ব্যাঙ্ক কর্তৃপক্ষ সময়মতো কীটনাশক স্প্রে না করায় এই পরিণতি। যদিও পুরো ঘটনা সামনে আসার পর ব্যাঙ্ক ম্যানেজার বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিষয়টি। তবে ওই গ্রাহক টাকা ফেরত পাবেন কিনা সেই ব্যাপারে তিনি কিছু বলতে চাননি। সূত্রের খবর, উদয়পুরের ওই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখা সুনীতা মেহতা ছাড়াও আরও অন্যান্য ১০-১২টি লকারে ইউপোকার হামলা হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে এই ঘটনায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের গাফিলতি যথেষ্ট।


More Stories
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
বিস্ফোরক সাংসদ সুখেন্দু শেখরের ইস্তফা ও পদত্যাগ