Home » উত্তর-পূর্বের তিন রাজ্যে ভোটের আগেই অসমে ভূমিকম্প

উত্তর-পূর্বের তিন রাজ্যে ভোটের আগেই অসমে ভূমিকম্প

সময় কলকাতা ডেস্ক, ১২ ফেব্রুয়ারি: তুরস্ক ও সিরিয়ায় তীব্র ভূমিকম্পের ধাক্কা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এরমধ্যেই ভারতের উত্তর-পূর্ব অংশের অন্যতম রাজ্য অসমের মাটি কেঁপে উঠল ভূমিকম্পে। রবিবার বিকেল ৪টে ১৮ মিনিটে অসমের নগাঁও অঞ্চলে অনুভূত হয় ভূমিকম্প। কেন্দ্রীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ট্যুইট করে জানিয়েছে রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৪। তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, আর দিন কয়েক পরই উত্তর-পূর্বের তিন রাজ্যে বিধানসভা ভোট। ফলে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। রোজই কোনও না কোনও ভিআইপি অসমের গুয়াহাটি হয়ে মনিপুর, নাগাল্যান্ড বা ত্রিপুরায় যাচ্ছেন। এই পরিস্থিতিতে ভূমিকম্পের খবর রটতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভোটমুখী রাজ্যগুলিতে। তবে অসমের বাইরে অন্য কোনও রাজ্যে কম্পন অনুভূত হয়েছে কিনা সেটা এখনও জানা যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের অসমের নগাঁও এলাকায় সবচেয়ে বেশি কম্পন অনুভূত হলেও এর উৎসস্থল সম্পর্কে জানা যায়নি। উল্লেখ্য, শনিবার গভীর রাতে ভারতের অপর প্রান্ত সুরাতে মৃদু ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৩.৮। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি সুরাতের ভূমিকম্পে।

About Post Author