Home » নতুন দুটি বন্দে ভারত ট্রেনে যাত্রীরা খেলতে পারবেন ‘সাপ-লুডো’

নতুন দুটি বন্দে ভারত ট্রেনে যাত্রীরা খেলতে পারবেন ‘সাপ-লুডো’

সময় কলকাতা ডেস্ক, ১২ ফেব্রুয়ারি: সম্প্রতি মহারাষ্ট্রে দুটি নতুন রুটে বন্দে ভারত ট্রেন চালু করেছে ভারতীয় রেল। প্রথমটি মুম্বই ছত্রপতি শিবাজি টার্মিনাল (সিএসটিএম) থেকে সোলাপুর এবং দ্বিতীয়টি মুম্বই সিএসটিএম থেকে সাইনগর শিরডি। দুটি রুটেই চলছে আপগ্রেডেড সেমি হাইস্পিড বন্দে ভারত ২.০ ট্রেনসেট। আগের থেকে আরও বেশি আরামদায়ক ও উন্নত যাত্রার জন্য নতুন নকশার এই বন্দে ভারত খুবই কার্যকর বলে দাবি রেল কর্তাদের। এই দুটি ট্রেনে এবার যুক্ত হল নতুন একটি বৈশিষ্ট বা ফিচার। যাত্রীরা যাতে ট্রেনে বসে বিরক্ত না হন, তার জন্য ভারতীয় রেল বন্দে ভারত আধুনিক রেকে চালু করল ‘সাপ-লুডো’ গেম। রেল সূত্রে খবর, আপাতত এই দুটি রুটেই জনপ্রিয় এই বোর্ড গেম চালু থাকবে পরীক্ষামূলকভাবে। পরে অন্যান্য রুটে চালু করার উদ্যোগ নেওয়া হবে।

‘সাপ-লুডো’ গেম সারা বিশ্বজুড়েই জনপ্রিয়। আমরা সকলেই জানি এই খেলায় সর্বোচ্চ চারজন এবং প্রয়োজনে দুজন খেলতে পারেন। এই বোর্ড গেমে একদিকে সিঁড়ি থাকে ও অন্যদিকে সাপ থাকে। দান যদি সিঁড়ির মুখে পড়ে তবে গুটি উপরের দিকে উঠবে এবং সাপের মুখে পড়লে গুটি চলে যাবে নীচে। কিন্তু বন্দে ভারতে সিঁড়ির জায়গায় রয়েছে নীল-সাদা ট্রেনের ছবি। মজার ব্যাপার বোর্ড দেখে একনজরে মনে হবে এটা যেন ট্রেনেরই রুট। খেলা শুরু হবে মুম্বই থেকে আর শেষ হবে দুই প্রান্তিক স্টেশন অর্থাৎ সোলাপুর ও সাইনগর শিরডি স্টেশনে। আপনার দান যদি এমন জায়গায় পড়ে যেখানে ট্রেনটি থামে না, তবে আপনি সোজা সাপের মুখে পড়বেন এবং নেমে যাবেন। আর যদি স্টপেজ স্টেশনে দান পড়ে তবে আপনি উপরের দিকে ওঠার সুযোগ পাবেন।

নতুন এই দুটে বন্দে ভারত গত শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেছেন। তিনি এই ট্রেন দুটিকে আধুনিক ভারতের দুর্দান্ত ছবি বলেও উল্লেখ করেছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল এই দুটি বন্দে ভারত ট্রেনই চলাচল করবে ভারতীয় রেলের সবচেয়ে কঠিন দুটি সেকশন ভোর ঘাট ও থল ঘাটের মধ্যে দিয়ে। এই সেকশনে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চালাতে হলে সামনের মতো ট্রেনের পিছন দিকেও একাধিক ইঞ্জিন লাগাতে হয়। এই পথে অনেকটা চড়াই-উৎরাই রয়েছে। কিন্তু নতুন দুটি বন্দে ভারত ট্রেনসেটকে এমনভাবে তৈরি করা হয়েছে যে সামনে-পিছনে আলাদা করে কোনও ইঞ্জিন ছাড়াই ভোর ঘাট ও থল ঘাট পার করতে পারবে।

About Post Author