Home » শুধু পুরুষ নয়, প্রয়োজনে মহিলাদের বিরুদ্ধেও করা যাবে গণধর্ষণের মামলা, জানাল এলাহাবাদ হাইকোর্ট

শুধু পুরুষ নয়, প্রয়োজনে মহিলাদের বিরুদ্ধেও করা যাবে গণধর্ষণের মামলা, জানাল এলাহাবাদ হাইকোর্ট

সময় কলকাতা ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি: গণধর্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পর্ষবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। বিচারপতি শেখরকুমার যাদবের একক বেঞ্চ এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে শুধু পুরুষ নয়, প্রয়োজনে মহিলাদের বিরুদ্ধেও করা যাবে গণধর্ষণের মামলা। একটি মামলার রায় দিতে গিয়ে বিচারপতির পর্ষবেক্ষণ, ‘কোনও মহিলা ধর্ষণ করতে পারেন না। কিন্তু তিনি যদি এক দল লোকের সঙ্গে মিলে এই কাজটি (ধর্ষণ) করতে সহায়তা করেন, তবে তাঁর বিরুদ্ধেও গণধর্ষণের মামলা হতে পারে’।  এক্ষেত্রে তিনি ১৮৬০ সালের ভারতীয় দণ্ডবিধির ২০১৩ সালের সংশোধিত আইন পর্ষবেক্ষণ করেই এই মন্তব্য করেছেন।

ওই  মামলায় বিচারপতি শেখরকুমার যাদব ২০১৩ সালে সংশোধিত ৩৭৫ এবং ৩৭৬(ই) ধারার নতুন ব্যাখ্যা দিলেন। উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারায় বলা হয়েছে, কোনও মহিলার ইচ্ছার বিরুদ্ধে এবং বলপূর্বক বা ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা আইনের চোখে জঘন্যতম অপরাধ। আবার, ওই মহিলা যদি নাবালিকা হয়, তবে ইচ্ছা ও অনিচ্ছা উভয় ক্ষেত্রেই অপরাধ হিসেবে গণ্য হবে।

২০১২ সালে দিল্লির নির্ভয়া কাণ্ডের পর ২০১৩ সালে এই আইন সংশোধন করা হয়। ৩৫৭ ধারার সঙ্গে ৩৭৬ ধারা যুক্ত হয়। তাতে ফৌজদারি দণ্ডবিধিতে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট এবার এই ধারায় পুরুষদের পাশাপাশি মহিলাদেরও যুক্ত করা যেতে পারে বলেই জানিয়েছে। বিচারপতি শেখরকুমার যাদবের মন্তব্য, আইনের ধারায় ব্যক্তি বলতে সঙ্কীর্ণ অর্থে শুধুমাত্র পুরুষদেরই বোঝানো হয়নি। গণধর্ষণের ঘটনায় যদি কোনও মহিলা সঙ্গ দেয়, তবে তাঁকেও যুক্ত করা যাবে।

About Post Author