সময় কলকাতা ডেস্ক,১৪ ফেব্রুয়ারিঃ ভোজনরসিক বাঙালির কাছে ভ্যালেন্টাইন্স ডে মানেই জমিয়ে খাওয়া দাওয়া আর আড্ডা। ভ্যালেন্টাইন্স ডে-তে রেস্তোরাঁয় না গিয়ে ভালোবাসার মানুষটিকে চমক দিতে বাড়িতেই আয়োজন করুন ক্যান্ডেললাইট ডিনারের। আর বানিয়ে ফেলুন একেবারে রেস্তোরাঁর স্টাইলে মালাবার চিকেন। মুরগির কষা কিংবা চিলি চিকেন বড্ড একঘেয়ে হয়ে গিয়েছে। তাই প্রিয়জনের রসনাতৃপ্তি করতে অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা চিকেনের এই পদ। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
মুরগির মাংস- ১ কেজি
নারকেল কোরা-১ কাপ
আদা বাটা-২ চা চামচ
রসুন বাটা-২ চা চামচ
কাঁচা লঙ্কা- ৫টি
কারি পাতা-১০-১২টি
পেঁয়াজ-৫টি
লঙ্কা গুঁড়ো-১ চা চামচ

পাতিলেবু-১টি
গোটা ধনে-২ টেবিল চামচ
শুকনো লঙ্কা-৪টি
গোটা গোলমরিচ-১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো-১ চা চামচ
তেল-আধ কাপ
নুন-পরিমাণ মতো

রন্ধন প্রণালী
প্রথমেই কড়াইয়ে অল্প তেল গরম করে তাতে গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, গোটা ধনে হালকা করে ভেজে নিন। এড়পোড় এতে নারকেল কোরা দিয়ে অল্প আঁচে মিনিট পাঁচেক নাড়াচাড়া করুন। মশলা দেওয়া নারকেল কোরা নামিয়ে পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে একটি পেস্ট বানিয়ে নিন। এবার কড়াইয়ে তেল দিয়ে কারি পাতা ফোড়ন দিন। তাতে পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। পেঁয়াজ ভাজা হয়ে এলে চেরা কাঁচা লঙ্কা, মাংসের টুকরো দিয়ে দিন।

এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর পাতিলেবুর রস দিয়ে নাড়তে থাকুন। এবার মিক্সিতে পেস্ট করা মশলা কড়াইয়ে দিয়ে দিন। সামান্য জলও আপনি দিতে পারেন। ভাল করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে চাপা দিন। গ্রেভি থেকে তেল বেরোতে শুরু করলে আরও মিনিট পাঁচেক দমে রেখে নামিয়ে নিন। ভাত, পোলাও কিংবা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন প্রেমমাখা দক্ষিণী মালাবার চিকেন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি