Home » রাজ্যে ফের নিম্নমুখী তাপমাত্রার পারদ

রাজ্যে ফের নিম্নমুখী তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক,১৪ ফেব্রুয়ারিঃ ফের বঙ্গে শীতের আমেজ। প্রেম দিবসে হালকা ঠান্ডার শিরশিরানি,উষ্ণতা বাড়াবে প্রিয় মানুষের সঙ্গ। হালকা কুয়াশার চাদরে ঢেকেছে প্রেম দিবসের সকাল। বেলা বাড়তেই আকাশ পরিষ্কার। তবে রাতের দিকে হালকা শীতের আমেজ থাকছে।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত কয়েকদিন ওঠানামা করবে পারদ। মঙ্গলবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা সোমবার ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৩৩ শতাংশ।তবে শুধুমাত্র কলকাতাই নয়, জেলাগুলিতেও তাপমাত্রার পারদ ওঠানামা করছে। আপাতত শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।


দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া,হুগলি,পূর্ব মেদিনীপুর,নদিয়া এবং মুর্শিদাবাদ বিক্ষিপ্তভাবে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দৃশ্যমানতা কোথাও কোথাও নেমে আসতে পারে। দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আরও দু-তিনদিন মাঝারি কুয়াশা থাকবে। এদিকে,মঙ্গলবার নতুন করে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা অরুণাচলপ্রদেশে। একইসঙ্গে কাশ্মীর, লাদাখ এবং মুজাফফরাবাদ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত ৩৫ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে উত্তর পশ্চিম ভারতের সমতল এলাকায়।

About Post Author