সময় কলকাতা ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতি মামলায় এবার তাপস মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। তিনি এই মামলায় ধৃত রাজ্যের বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্যদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ট বলেই পরিচিত। রবিবার দুপুরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল সিবিআই। এরপর ঘণ্টাতিনেক জেরার পরই তাপসকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। বিকেলে তাঁকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে। সিবিআই জানিয়েছে, এদিন তাপস মণ্ডল ছাড়া নীলাদ্রি ঘোষ নামে আরও এক মিডলম্যানকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত. এর আগে তাপস মণ্ডলের দেওয়া বয়ানের ওপর ভিত্তি করেই গ্রেফতার করা হয়েছিল হুগলির তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। এর আগে তাপসের নাম সামনে আসে মানিক ভট্টাচার্যকে গ্রেফতারের পরই। অভিযোগ, এই তাপস মণ্ডল শিক্ষা সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত। ওয়াকিবহাল মহলের মতে, কুন্তলকে জেরা করে নিয়োগ দুর্নীতিতে বিপুল পরিমান বেআইনি অর্থ লেনদেনের তথ্য হাতে এসেছে সিবিআই এবং ইডি-র গোয়েন্দাদের হাতে। সেখানেই কোনও যোগসূত্র পাওয়া গিয়েছে তাপস মণ্ডলের সঙ্গে।

রবিবার তাপস মণ্ডলকে এসএসকেএম হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হয়। সেখানেই তিনি সাংবাদিকদের সামনে মুখ খোলেন। তাপস এদিন অভিযোগ করেন, আমি তো কুন্তলের বিরুদ্ধে অভিযোগ এনেছি তাই সে তো অভিযোগ করবেই। তবে কেন আমাকে গ্রেফতার করল বুঝতে পারছি না। সহযোগিতা এখনও করছি। তবুও গ্রেফতার করা হল আমাকে। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হচ্ছিল সিবিআইকে। তাই এবার তৎপরতা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র