সময় কলকাতা ডেস্ক, ২২ ফেব্রুয়ারি: নির্বাচন কমিশনের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন উদ্ধব ঠাকরে। বুধবার তাঁর আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের কাছে উদ্ধবের দাবি ছিল শিবসেনা নাম ও প্রতীক তির ধনুক সম্পর্কে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করুক সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে কমিশন দুটিই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবিরকে বরাদ্দ করেছে। সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়েছিলেন উদ্ধব। বুধবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মামলার শুনানিতে বলেন, কমিশনেরই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তাদের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি যুক্তিসঙ্গত বলে মনে করেন না তিনি। সুপ্রিম কোর্টের আজকের রায়ের জেরে উদ্ধব আরও বিপাকে পড়লেন। শিবসেনার রাজ্য দফতর এবং ব্যাংক অ্যাকাউন্টও এরপর শিন্ডে শিবির দখল নেবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে।

গত সপ্তাহেই নির্বাচন কমিশনের রায়ে বালাসাহেবের ছেলে উদ্ধব ঠাকরের হাত থেকে দলের নাম ও তির-ধনুক প্রতীক বেরিয়ে গিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছিল, একনাথ শিন্ডেরাই আসল শিবসেনা। তারাই ওই নাম আর তির-ধনুক প্রতীক ব্যবহার করতে পারবেন। কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন উদ্ধব ঠাকরে। কমিশনের সিদ্ধান্তে স্থিতাবস্থা জারির আর্জি জানিয়ে মঙ্গলবারও সুপ্রিম কোর্টে সওয়াল করেন উদ্ধব ঠাকরের আইনজীবী। কিন্তু এদিন আদালত কোনও সাড়া দেয়নি। এদিকে, মঙ্গলবার একনাথ শিন্ডে শিবসেনার জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছিলেন। সেখানে তাঁকে সভাপতি করে শিবসেনার নতুন কর্মসমিতি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত বছরের জুনে মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করেন তাঁরই সহকর্মী একনাথ শিণ্ডে। এরপরই একনাথ শিন্ডের নেতৃত্বে প্রায় ৪০ জন বিধায়ক শিবসেনা ছেড়ে বেরিয়ে যান। এহেন পরিস্থিতিতে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে। তারপরেই নিজেদের আসল ‘শিব সেনা’ বলে দাবি করে দলীয় প্রতীক ব্যবহারের অনুমতি চান শিণ্ডে। এবিষয়ে কমিশনকে উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, ‘শিণ্ডে নিজে দলত্যাগ করেছেন, তিনি কখনই দলকে নিজের বলে দাবি করতে পারেন না।’ এরপর গত অক্টোবরে দলের প্রতীক ‘তির-ধনুক’ ‘ফ্রিজ’ করে দেয় নির্বাচন কমিশন। জানিয়ে দেয়, আসন্ন নির্বাচনগুলিতে উদ্ধব ঠাকরে বা একনাথ শিণ্ডে, কোনও শিবিরই দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। অবশেষে কাটল জট। দলের নাম-প্রতীক দুই ব্যবহারের অনুমতি পেল শিণ্ডে শিবির। নিঃসন্দেহে এই সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছে উদ্ধব শিবির।


More Stories
আতস কাচের তলায় :গেলেন ধর্মেন্দ্র, এলেন প্রহ্লাদ
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান