Home » দিল্লির পুরনিগমের নতুন মেয়র আপ প্রার্থী শেলি ওবেরয়

দিল্লির পুরনিগমের নতুন মেয়র আপ প্রার্থী শেলি ওবেরয়

সময় কলকাতা ডেস্ক,২২ ফেব্রুয়ারি: দীর্ঘ জল্পনার অবসান। শেষপর্যন্ত বুধবার ভোট হল। আর জিতল আপ প্রার্থী। দিল্লির পুরনিগমের নতুন মেয়র হলেন আপ প্রার্থী শেলি ওবেরয়। ৩৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আপ প্রার্থী শেলি। উল্লেখ্য, গত ডিসেম্বরে ১৫ বছরের বিজেপি-রাজের অবসান ঘটিয়ে দিল্লি পুরনিগমের ক্ষমতা দখল করে আপ। ২৫০ আসনের দিল্লি পুরনিগমে ম্যাজিক ফিগার পেরিয়ে ১৩৪টি আসনে জয়ী হয় তারা। বিজেপি পেয়েছিল ১০৪টি আসন। কিন্তু এরপরও মেয়র নির্বাচন নিয়ে জট তৈরি হয়। তবে,একের পর এক দিন যাচ্ছিল আর ভেস্তে যাচ্ছিল দিল্লি কর্পোরেশনের মেয়র নির্বাচন।

আম আদমি পার্টি ও বিজেপির লড়াই কার্যত সম্মুখ সমরের আকার নিয়েছিল।  আপ বিজেপির ‘চক্রান্তে’র অভিযোগ তুলেছিল। এর মধ্যেই মেয়র নির্বাচনে ভোটাধিকার সংক্রান্ত মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর মনোনীত ১০ সদস্যের ভোটাধিকারের বিরুদ্ধে কোর্টে যান শেলি ওবেরয়। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মনোনীত সদস্যদের ভোটাধিকার খারিজ করে দিয়েছিলেন। সেই সময়েই প্রায় বিজেপির হার নিশ্চিত ছিল। তবু আশঙ্কা ছিল ক্রস ভোটিংয়ের। কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত আপই জিতল। বিজেপির মেয়র পদপ্রার্থীকে হারাল ৩৪ ভোটে।

সূত্রের খবর, এই ভোটে দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা মনোনীত ১০ সদস্যের ভোটাধিকার নিয়েও প্রশ্ন উঠেছিল। এরপরই  বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন আপ প্রার্থী শেলি। শীর্ষ আদালতের তরফে এই নিয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ দেওয়া হয়।প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দেন মেয়র নির্বাচনে অংশ নিতে পারবে না উপরাজ্যপাল মনোনীত সদস্যরা।  এদিন শেলি ওবেরয় মেয়র নির্বাচিত হতেই উল্লাসে ফেটে পড়েন আপ প্রার্থীরা। ভোটে জেতার পর শেলি ওবেরয়কে শুভেচ্ছা জানান দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া।

About Post Author