Home » বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে কাতলার দো পেঁয়াজা

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে কাতলার দো পেঁয়াজা

সময় কলকাতা ডেস্ক,২৫ ফেব্রুয়ারিঃ বাঙালির রান্নাঘরে থাকে নতুন নতুন রেসিপি, নতুন নতুন খাবার। সবসময় কাতলা মাছের একই পদ কার ভালো লাগে বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে কাতলা মাছের দো পেঁয়াজা। রইল রেসিপি-

উপকরণ

বড় কাতলা মাছ-৫ টুকরো
পেঁয়াজ কুচি-১ কাপ
আদা রসুন পেস্ট-১ টেবিল চামচ
জিরে গুঁড়ো-১ চা চামচ
হলুদ গুঁড়ো-১/৪ চা চামচ
লঙ্কা গুঁড়ো-১ চা চামচ
কাঁচালঙ্কা-৭টি
নুন-স্বাদমতো
সর্ষের তেল-পরিমাণ মত

রন্ধন পদ্ধতি
প্রথমেই মাছের পিসগুলো নুন হলুদ মেখে রেখে দিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম হলে মাছ গুলো হালকা করে ভেজে তুলে রাখতে হবে। এরপর ওই তেলে পেয়াজ কুঁচি দিতে হবে। পেয়াজ হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে গুঁড়ো মশলা নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার আদা রসুনের পেস্ট দিয়ে ৫ মিনিট ভলো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে থাকলে ভাজা মাছগুলো দিয়ে দিন। এরপর অল্প জল দিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে কাঁচালঙ্কা দিয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে কাতলার দো পেঁয়াজা।

About Post Author