সময় কলকাতা ডেস্ক,২৭ ফেব্রুয়ারিঃ বঙ্গে ধীরে ধীরে চড়ছে তাপমাত্রার পারদ। পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হচ্ছে আকাশ। ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর,মার্চের শুরুতেই রাজ্যে তাপমাত্রা বেড়ে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলিতে কুয়াশার দাপট থাকবে। সেইসঙ্গে বাড়বে তাপমাত্রাও। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৫ থেকে ৯৫ শতাংশ।

পূর্বাভাস বলছে,উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং , আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে কুয়াশার দাপটও থাকবে। শনিবার নতুন করে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা অসম, নাগাল্যান্ড মনিপুর এবং সিকিমেও। মঙ্গলবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে। এদিকে,আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি