Home » মার্চের শুরুতেই চড়ছে তাপমাত্রার পারদ

মার্চের শুরুতেই চড়ছে তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক,১ মার্চঃ  মার্চের শুরুতেই চড়ছে তাপমাত্রার পারদ। বেলা বাড়তেই বাড়ছে রোদের তেজ।ওষ্ঠাগত। সকালের দিকে হালকা ঠাণ্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হচ্ছে আকাশ। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। হাওয়া অফিস সূত্রে খবর,৩ মার্চ থেকে রাজ্যে তাপমাত্রা বেড়ে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। জেলায় জেলায় থাকবে ভ্যাপসা গরম।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। সেইসঙ্গে বাড়বে তাপমাত্রাও। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪২ থেকে ৯৭ শতাংশ।


পূর্বাভাস বলছে,উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং , আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আপাতত বৃষ্টি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা অসম, নাগাল্যান্ড মনিপুর এবং সিকিমেও। উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

About Post Author