Home » খেলা ঘুরছে? সাগরদিঘিতে জেতার মুখে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী

খেলা ঘুরছে? সাগরদিঘিতে জেতার মুখে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী

সময় কলকাতা ডেস্ক, ২ মার্চ: বৃহস্পতিবার রাজ্যের একটি মাত্র বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা চলছে। সকাল থেকেই ট্রেন্ড ছিল খেলা ঘোরার দিকে, বেলা যত বাড়ছে ততই প্রমান হচ্ছে সাগরদিঘি বিধানসভায় ঘাসফুল ফুটছে না। বাংলার রাজনৈতিক মহলকে অবাক করে দিয়ে সাগরদিঘিতে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী দিলীপ সাহা। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে অষ্টম রাউন্ড গণনার শেষে কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন ৭,০৯০ ভোটে। পঞ্চম রাউন্ড শেষে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস পেয়েছেন ৩৩,৯৬২ ভোট, তৃণমূল প্রার্থী পেয়েছেন ২৬,৮৭০ ভোট।

তৃণমূলের তিনবারের বিধায়ক সুব্রত সাহার মৃত্যুর পর সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। বাম ও কংগ্রেস জোট করে এই কেন্দ্রে প্রার্থী দেয়। ফলে নির্বাচন ত্রিমুখী ছিল। একদিকে শাসকদল তৃণমূল এবং অন্যদিকে বিরোধীদল বিজেপি এবং বাম-কংগ্রেস জোট। কিন্তু গণনা যত এগোচ্ছে ততই লিড বাড়াচ্ছেন জোট প্রার্থী বাইরন বিশ্বাস। ফলে সাগরদিঘি জুড়ে শুরু হয়েছে কংগ্রেস ও বাম কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। আবির খেলায় মেতে উঠেছেন অনেকে। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে যেন অকাল বসন্ত। ভোটেও যেমন জোট হয়েছে, তেমনই ভোটের ফলের দিনও ঐক্যের চিত্র ফুটে উঠছে মুর্শিদাবাদ জেলা জুড়ে।

About Post Author