Home » আদানি কাণ্ডের তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

আদানি কাণ্ডের তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

সময় কলকাতা ডেস্ক, ২ মার্চ:  শিল্পপতি গোতম আদানির সংস্থার আদানি গোষ্ঠীর বিরুদ্ধে উঠেছিল শোয়ার তছরুপের অভিযোগ। যা নিয়ে উত্তাল গোটা দেশ। মামলা গড়ায় সুপ্রিম কোর্টেও। এবার যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গড়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠনের। এই কমিটির নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি এএম সাপ্রে। কমিটির বাকি পাঁচ সদস্য হলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি জেপি দেবদত্ত, ওপি ভাট, কেভি কামাথ, নন্দন নিলেকানি এবং সোমশেখর সুদর্শন।

এই বিশেষজ্ঞ কমিটি কী কী করবে?

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, আদানি কাণ্ডের সমস্ত দিক খতিয়ে দেখবে এই কমিটি। পাশাপাশি পর্যালোচনা করবে বিভিন্ন দিক। সেই সঙ্গে এর পিছনে কী কারণ আছে সেটাও খতিয়ে দেখবে এই বিশেষজ্ঞ কমিটি। এমনকি বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি করতে নতুন কোনও সুরক্ষা নীতির পরামর্শও দিতে পারে কমিটি। খতিয়ে দেখবে এই ঘটনায় SEBI-র কোনও গাফিলতি ছিল না। সূত্রের খবর, আগামী দুই মাসের মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি এএম সাপ্রের নেতৃত্বাধীন তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। তবে সর্বোচ্চ আদালত জানিয়েছে, আদানিকাণ্ড নিয়ে সেবি যে তদন্ত করছে তা চলবে।

প্রসঙ্গত, আদানি ইস্যুতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। মূল দাবিটি ছিল, মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের ভিত্তিতে আদানিদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এবং বিনিয়োগকারী সংস্থাগুলির ভবিষ্যৎ খতিয়ে দেখা। সব আবেদন খতিয়ে দেখে বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত জানিয়েছে, সাম্প্রতিক অতীতে শেয়ার বাজারে অস্থিরতা সৃষ্টির কারণগুলি চিহ্নিত করে তাঁর কারণ খতিয়ে দেখতে হবে। পাশাপাশি, আদানি গোষ্ঠী বা সংশ্লিষ্ট সংস্থাগুলির শেয়ার বাজার সংক্রান্ত আইন লঙ্ঘনের সমস্ত অভিযোগ এবং তা মোকাবিলায় নিয়ন্ত্রক সংস্থা সেবি-র ব্যর্থতা খতিয়ে দেখতে হবে। তবে সেবি-র স্বাধিকারে কোনওভাবেই হস্তক্ষেপ করা যাবে না বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। ওয়াকিবহাল মহলের ধারণা, এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারকে স্বস্তি দিল।

About Post Author