Home » হাইকোর্টে রক্ষাকবচ মিলল না, উল্টে অনুব্রতর জরিমানা ১ লক্ষ টাকা!

হাইকোর্টে রক্ষাকবচ মিলল না, উল্টে অনুব্রতর জরিমানা ১ লক্ষ টাকা!

সময় কলকাতা ডেস্ক, ৪ মার্চ: বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে আর কোনও বাঁধা রইল না ইডি-র। শনিবার কলকাতা হাইকোর্ট অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দিল না। সেই সঙ্গে তাঁকে ১ লক্ষ টাকা জরিমানাও করল উচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে এদিন উঠেছিল অনুব্রত মণ্ডলের আবেদন মামলাটি। আদালতের পর্যবেক্ষণ, দিল্লি ও কলকাতা দুই হাইকোর্টেই তথ্য লুকিয়ে হয়রানি করছেন অনুব্রত মণ্ডল। তাই তাঁকে ১ লক্ষ টাকা জরিমানা করা হল। একই সঙ্গে তাঁর আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত। ফলে এবার অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে আর বাঁধা থাকল না।

যদিও এদিন হাইকোর্ট জানিয়েছে, অনুব্রতর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে ইডি আধিকারিকরা যদি দিল্লি নিয়ে যেতে চায় তবে কলকাতায় কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা কোনও হাসপাতালের চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। তাঁদের ফিট সার্টিফিকেট নিয়েই অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দারা। এছাড়া তাঁকে বিমানে চাপিয়ে দিল্লি নিয়ে যেতে হবে। এর আগে দিল্লি যাওয়া আটকাতে একাধিক পদক্ষেপ নিয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কলকাতা ও দিল্লির আদালতে আবেদন করেন তিনি। এর আগে দিল্লি আদালতে ধাক্কা খেয়েছিলেন তিনি। এবার ধাক্কা খেলেন কলকাতা হাইকোর্টেও।

এদিন কলকাতা হাইকোর্টে ইডির আইনজীবীরা জানান, প্রযোজনে অনুব্রতকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি নিয়ে যাওয়া হবে। এবং তাঁর জন্য দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ইডির আইনজীবী আদালতকে জানান, এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে আবেদন করছেন অনুব্রত মণ্ডল। আদালতের সময় নষ্ট করছেন। তথ্য গোপন করছেন। এরজন্য তাঁর বড় অঙ্কের জরিমানা করা উচিৎ। এমনকি অনুব্রতকে নীতিহীন বিচারপ্রার্থী বলেও উল্লেখ করেন ইডির আইনজীবী। সব পক্ষের বক্তব্য শুনে এদিন বিচারপতি অনুব্রতর আবেদন খারিজ করেন এবং তাঁকে ১ লক্ষ টাকা জরিমানাও করেন।

About Post Author