Home » রেলের এই জোন শুধুমাত্র বিনা টিকিটের যাত্রী ধরেই আয় করল ১০০ কোটি!

রেলের এই জোন শুধুমাত্র বিনা টিকিটের যাত্রী ধরেই আয় করল ১০০ কোটি!

সময় কলকাতা ডেস্ক, ৪ মার্চ: প্রতিদিন লক্ষ লক্ষ লোক যাতায়াত করেন ট্রেনে। কম সময়ে কম খরচে ও নিরাপদে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে ট্রেনের বিকল্প নেই। ভারতীয় রেল প্রতিদিন দূরপাল্লার ট্রেন ছাড়াও কয়েক হাজার স্বল্প ও মাঝারি দূরত্ব প্যাসেঞ্জার ট্রেন চালায়। এছাড়া আছে লোকাল ট্রেন। যাত্রীভাড়া থেকে রেলের একটা বড় অংশের আয় হয়। কিন্তু গত অর্থবর্ষে রেলের ভাড়ারে প্রায় ১০০ কোটি টাকা এসেছে শুধুমাত্র বিনা টিকিটের যাত্রীদের থেকে! শুনতে অবাক লাগলেও এটা সত্যি। তাও আবার রেলের একটিমাত্র জোন থেকে এই আয়।

সেন্ট্রাল রেলওয়ে বরাবরই যাত্রী খাতে আয়ের ওপর জোর দিয়েছে। সারা বছরই তাঁরা বিনা টিকিটের যাত্রীদের থেকে জরিমানা আদায় করতে তৎপর থাকে। সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, ২০২২ সালের এপ্রিল মাস থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত শুধুমাত্র বিনা টিকিটের যাত্রীদের থেকে জরিমানা বাবদ রেলের আয় হয়েছে ১০০ কোটি টাকা। সেন্ট্রাল রেল জানিয়েছে, এই সময়কালে মোট ১৮ লক্ষ বেআইনি যাত্রীর থেকে জরিমানা আদায় হয়েছে। গত অর্থবর্ষে এই খাতে সেন্ট্রাল রেলের আয় ছিল ৬০ কোটি টাকার কাছাকাছি। ফলে বোঝাই যাচ্ছে এই বার বিনা টিকিটের যাত্রীদের ধরতে রেলকর্মীদের অভিযান কতটা বেশি ছিল।

সেন্ট্রাল রেল মুম্বইয়ে এসি লোকাল ট্রেন পরিষেবা দেয়। যাত্রীদের আরও আরামদায়কভাবে এবং সাচ্ছ্বন্দ্যে গন্তব্যে পৌঁছে দিতে এসি লোকাল ট্রেন ছাড়াও সাধারণ লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই কামরাগুলির ভাড়া অনেকটাই বেশি। সেন্ট্রাল রেলের মূখ্য জনসংযোগ আধিকারিক শিবাজি সুতার জানিয়েছেন, আদায় করা ১০০ কোটি টাকার মধ্যে ৮৭ কোটি ৪৩ লক্ষ টাকা এসেছে শুধুমাত্র এসি লোকাল ট্রেনের অবৈধ যাত্রীদের জরিমানা করেই। এই সময়কালে মোট ২৫ হাজার ৭৮১ জন যাত্রীকে এসি লোকাল ট্রেন থেকে ধরা হয়েছে। এরপরই লোকাল ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় অবৈধভাবে যাতায়াত করা ১ লক্ষ ৪৫ হাজার যাত্রীর থেকে আদায় করা হয়েছে ৫.৫ কোটি টাকা। সেন্ট্রাল রেলের মুম্বই ডিভিশনে ১২ হাজার টিকিট পরীক্ষক নিয়মিত যাত্রীদের থেকে টিকিট পরীক্ষা করেন। তাঁদের উদ্যোগেই এই বিপুল পরিমান টাকা আদায় করা সম্ভব হল বলে জানিয়েছেন সেন্ট্রাল রেলের শীর্ষ আধিকারিকরা।

About Post Author