Home » আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পাচ্ছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’

আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পাচ্ছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’

সময় কলকাতা ডেস্ক, ৫ মার্চঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। হাতে গোনা মাত্র আর দুই দিন। ৮ মার্চ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসে হইচইতে মুক্তি পেতে চলেছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের বহু আলোচিত ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। এই ওয়েব সিরিজটিকে ঘিরে প্রথম থেকেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। এখন সিরিজটির জন্য অপেক্ষায় দিন গুনছেন বাংলার দর্শক। ইতিমধ্যেই ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। যেখানে গ্রাম বাংলার নানান প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠেছে। পাশাপাশি দেশভাগ, ৭০ দশকের নকশালবাড়ি আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথাও উঠে এসেছে ট্রেলারে।


ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে শুভশ্রীর লুক। যেখানে একেবারে বিধবা বৃদ্ধার বেশে শুভশ্রীকে দেখা গিয়েছে। মাথার চুল সব সাদা, চোখে চশমা, চামড়া কুঁচকে গিয়েছে। শুভশ্রীর এই লুকের পিছনে রয়েছে মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর ম্যাজিক। অভিনেত্রীর এই লুক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, আরও একটা মাস্টারপিস আসতে চলেছে। হইচই-তে ওয়েব সিরিজে দেবালয় ভট্টাচার্যের হাত ধরে এই প্রথমবার অভিনয় করলেন শুভশ্রী। হইচই-এর ওয়েব প্ল্যাটফর্মে একাধিক নতুন সিরিজ, সিনেমার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। সিরিজ, সিনেমার পোস্টারও রিলিজ করা হয়েছে। এবার সেই তালিকায় জায়গা করে নিয়েছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’।


প্রসঙ্গত,কল্লোল লাহিড়ীর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ উপন্যাসই সিরিজ হিসেবে দর্শকদের সামনে তুলে ধরছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। জানা গিয়েছে, পর্দায় ইন্দুবালার ১৬ থেকে ৭৫ বছর বয়স দেখানো হবে। ১৬ বছরের ইন্দু হবেন পারিজাত চৌধুরী। আর ২৫ থেকে ৭৫ পর্যন্ত বয়সে দেখা যাবে শুভশ্রীকে। এই সিরিজে অভিনেত্রী দুই সন্তানের বিধবা মা। পূর্ববঙ্গের মেয়ে পরে পশ্চিমবঙ্গের বাসিন্দা হবেন। সংসার, সন্তান পালনের জন্যই ভাতের হোটেল খুলবেন ইন্দুবালা। তার জীবনের গল্পকেই তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে। ইন্দুবালার চরিত্রে শুভশ্রীকে দেখার জন্য খুবই উৎসাহিত দর্শকরা। ছবিতে শুভশ্রীকে দেখা যাবে আসমা খানের ভূমিকায়। তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। আর অনসূয়া মজুমদারকে দেখা যাবে শুভশ্রীর শাশুড়ির চরিত্রে। এছাড়াও ছবিতে অভিনয় করবেন সোহম।

About Post Author