Home » অবশেষে আসানসোল সিবিআই আদালতের নির্দেশে অনুব্রতর দিল্লিযাত্রার জট কাটল!

অবশেষে আসানসোল সিবিআই আদালতের নির্দেশে অনুব্রতর দিল্লিযাত্রার জট কাটল!

সময় কলকাতা ডেস্ক, ৬ মার্চ: ইডি-র হাতে ধৃত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে কাটল জট। সোমবারই আসানসোলের বিশেষ সিবিআই আদালতের নির্দেশে জট কাটে। অনুব্রত মণ্ডলের দিল্লিযাত্রা প্রসঙ্গে এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালত কার কী ভূমিকা স্পষ্ট করে দিয়েছে। রবিবার সকাল থেকেই অনুব্রতকে রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি দিল্লি নিয়ে যাবে তা নিয়ে তৈরি হয়েছিল টানাপোড়েন। এই বিষয়ে সোমবার সকালেই আসানসোল জেল কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হয়।

বেলার দিকে আসানসোল সিবিআই আদালতের বিচারক নির্দেশ দিয়েছেন, আসানসোল জেল কর্তৃপক্ষ অনুব্রত মণ্ডলকে কলকাতায় নিয়ে যাবে, তাঁকে নিরাপত্তা দেবে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সেখানে কেন্দ্রীয় কোনও হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হবে। তারপর ফিট সার্টিফিকেট মিললে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি। তবে দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব থাকবে ইডির ঘাড়েই। আসানসোল জেল কর্তৃপক্ষ ইমেল মারফৎ আদালতের নির্দেশ আসানসোল পুলিশ কমিশনারেট এবং অনুব্রত মামলার দায়িত্বপ্রাপ্ত ইডির আধিকারিক পঙ্কজ কুমারকে জানিয়ে দেবে। পাশাপাশি যথাসম্ভব দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার স্পষ্ট নির্দেশ দিয়েছেন আসানসোল আদালতের বিচারক।

কলকাতা হাইকোর্টের নির্দেশের পর গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ায় নিয়ে তৈরি হয়েছিল সংশয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি আসানসোল সংশোধনাগার রিকুইজেশন পাঠালেও কে তাঁকে নিয়ে যাবে, কবে কোথায় কীভাবে হ্যান্ডওভার করবে এই প্রশ্নগুলির স্পষ্ট উত্তর না থাকায় সমস্যা তৈরি হয় বলে ওয়াকিবহাল মহলের ধারণা। আসানসোল জেল কর্তৃপক্ষ ও পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই বিলম্ব হচ্ছিল। যা শেষ পর্যন্ত মিটল আসানসোলের বিশেষ সিবিআই আদালতের হস্তক্ষেপে।

About Post Author