Home » মণীশ সিসোদিয়াকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে,অভিযোগ আপ নেতার

মণীশ সিসোদিয়াকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে,অভিযোগ আপ নেতার

সময় কলকাতা ডেস্ক, ৬ মার্চঃ সিবিআই হেফাজতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে ‘মানসিকভাবে অত্যাচার’ করা হচ্ছে। উপমুখ্যমন্ত্রী গ্রেফতারির আটদিনের মাথায় এমনটাই অভিযোগ তুলল আম আদমি পার্টি নেতা সঞ্জয় সিং। রবিবার আপ নেতা সঞ্জয় সিং অভিযোগ করেন,‘সিবিআই কর্তারা জোর করে মণীশ সিসোদিয়াকে দিয়ে ভুয়ো স্বীকারোক্তিতে সই করাতে চাইছেন। এমনকী মিথ্যা স্বীকারোক্তিতে সই করানোর জন্য মানসিক অত্যাচার করা হচ্ছে। ৮-৯ ঘণ্টা ধরে বসিয়ে রেখে একই প্রশ্ন বার বার করা হচ্ছে,যাতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সিসোদিয়ার বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ নেই সিবিআইয়ের। পুরোপুরি ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হয়েছে।’


উল্লেখ্য,গত ২৬ ফেব্রুয়ারি আবগারি দুর্নীতিকাণ্ডে টানা ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই। সূত্রের খবর, বেশ কিছু প্রশ্নের উত্তরে এড়িয়ে যাওয়ার কারণে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। এরপর ২৭ ফেব্রুয়ারি,সোমবার বেলা দুটো নাগাদ দিল্লির আদালতে তোলা হয় তাঁকে। তবে আপের আশঙ্কা, মণীশকে জেরা করার সূত্র ধরে এরপর মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকেও নোটিস পাঠাবে সিবিআই, ইডি। কারণ যে অভিযোগে সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছে সেটি আদতে মন্ত্রিসভার একটি বিতর্কিত সিদ্ধান্ত।

দিল্লির যে মদনীতিকে কেন্দ্র করে ব্যবসায়ীদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া এবং সেই সূত্রে আপের তহবিলে মোটা টাকা জমা হওয়ার অভিযোগ উঠেছে, সেটি অনুমোদন করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্বয়ং। শুধু তাই নয়, ওই নীতি তৈরির প্রক্রিয়াতেও যুক্ত ছিলেন কেজরিওয়াল। কেজরিওয়ালের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে ইডি, সিবিআই। প্রমাণ লোপাটের জন্য তিনিও ঘন ঘন মোবাইল সেট এবং সিম বদল করেছেন। সিবিআই, ইডির আইনজীবীরা আদালতে প্রশ্ন তুলেছেন, ব্যবসায়ীদের অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দেওয়ার নীতি কেন তৈরি করা হয়েছিল? এবার সেই প্রশ্নের সদুত্তর পেতে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

About Post Author