Home » দোলে মিষ্টিমুখ করতে বাড়িতেই বানিয়ে ফেলুন কেশর মালাই

দোলে মিষ্টিমুখ করতে বাড়িতেই বানিয়ে ফেলুন কেশর মালাই

সময় কলকাতা ডেস্ক, ৬ মার্চঃ মিষ্টির প্রতি প্রেম নেই এমন বাঙালির সংখ্যা বোধহয় খুব কমই রয়েছে। আর দোলে বাঙ্গালির পাতে মিষ্টি থাকবে না,তা আবার হয় নাকি? মিষ্টি ছাড়া বাঙালির দোল যেন অসম্পূর্ণ। তাই দোলে বাড়ির সদস্যদের কিংবা অতিথিদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন কেশর মালাই। রান্নাঘরে থাকা অল্পকিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু মিষ্টির এই পদ। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
ছানা-৫০০ গ্রাম
এলাচ গুঁড়ো-আধ চা চামচ
কেশর-আধ চা চামচ
ফুড কালার-সামান্যচ
চিনি-২ কাপ
পেস্তা-৫ টি
দুধ-১ লিটার
কাজু বাদাম-২৫ গ্রাম
লেবুর রস-১চা চামচ
কর্নফ্লাওয়ার-১ চা চামচ

প্রণালী

প্রথমেই পরিষ্কার হাতে ছানা মিহি করে মেখে কিছুক্ষণ রেখে দিন। মেখে রাখা ছানা নরম হয়ে গেলে হাতের তালুর সাহায্য ছোট ছোট বল আকারে গড়ে নিন। লক্ষ্য রাখবেন প্রত্যেকটি বল যেন একই মাপের হয়। এরপর চিনির সিরা বানানোর জন্য একটি পাত্রে এক কাপ চিনি আর চার কাপ জল দিন। যতক্ষণ না চিনি গলছে ততক্ষণ ফোটাতে থাকুন। চিনি গলে সিরা হয়ে এলে নামিয়ে নিন।

চিনির সিরায় আগে থেকে বানিয়ে রাখা ছানার বলগুলি দিয়ে দিন। এবার একটি হাঁড়িতে ভালো করে দুধ ফুটিয়ে নিন। দুধে কেশর, ফুড কালার, চিনি এবং এলাচ মিশিয়ে নাড়তে থাকুন। দুধ ঘন হয়ে এলে সিরা থেকে ছানার বলগুলি তুলে ফোটানো দুধের মধ্যে দিয়ে দিলেই তৈরি কেশর মালাই। এরপর মালাই ঠান্ডা করার জন্যর ঘণ্টাখানেক ফ্রিজে রেখে দিন। পরিবেশন করার আগে ওপর থেকে কাজু ও পেস্তা ছড়িয়ে দিন।

About Post Author