Home » রাবড়ির পর এবার লালুর পালা, ফের সিবিআই জেরার মুখে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাবড়ির পর এবার লালুর পালা, ফের সিবিআই জেরার মুখে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী

সময় কলকাতা ডেস্ক, ৭ মার্চ: সোমবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে দীর্ঘক্ষণ জেরা করেছিল সিবিআই গোয়েন্দারা। ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর স্বামী তথা বিহারের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে জেরা করতে হাজির হয়ে গেলেন সিবিআই গোয়েন্দাদের একটি দল। বর্তমানে লালু প্রসাদ যাদব রয়েছেন দিল্লিতে তাঁর মেয়ে সাংসদ মিসা ভারতীর বাড়িতে। সূত্রের খবর, সেখানেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লালুকে। রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। লালু ছাড়াও এই মামলায় অভিযুক্ত তাঁর স্ত্রী রাবড়ি দেবী। অভিযোগ রয়েছে তাঁদের দুই কন্যা মিসা ও হেমার বিরুদ্ধেও।

প্রসঙ্গত প্রায় ১৪ বছর আগে ইউপিএ জমানায় রেলমন্ত্রী থাকাকালীন লালু যাদবের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল জমির বিনিময়ে বহু বেকার যুবক-যুবতীকে রেলের গ্রুপ-ডি পদে চাকরি দেওয়ার। সেই মামলায় নতুন করে তৎপর হতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে। সোমবার পাটনার বাড়িতে রাবড়ি দেবীকে জেরা করা হয়েছে। মঙ্গলবার দিল্লিতে মেয়ের বাড়িতেই লালু প্রসাদকে জেরা করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি, দেশের ৯টি বৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্ব একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন। ওই চিঠির মূল বিষয় ছিল, বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের প্রতি কেন্দ্রীয় গোয়েন্দাদের অতিরিক্ত তৎপরতা কেন? একইসঙ্গে, যে সময় সমস্ত দুর্নীতিপরায়ন নেতা বিরোধী দলগুলি থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদের ক্ষেত্রে চুপ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। ওই চিঠিতে সাক্ষর করেছিলেন আরজেডি নেতা তথা লালু-পুত্র তেজস্বী যাদব। আর তাৎপর্যপূর্ণভাবে এই চিঠির ৪৮ ঘণ্টার মধ্যেই লালু ও রাবড়ি দেবীর বাড়িতে পরপর দুদিন সিবিআই হানা হল।

About Post Author