সময় কলকাতা ডেস্ক, ৭ মার্চ: দ্বিতীয়বার মেঘালয়ের মসনদে কনরাড সাংমার বসা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তৃণমূল-সহ অন্যান্য বিরোধী দলের বিধায়করা একজোট হয়ে ত্রিশঙ্কু মেঘালয়ে খেলা ঘুরিয়ে দিয়েছিলেন প্রায়। তবে শেষ পর্যন্ত বিজেপি জোটের কনরাড সাংমা মুখ্যমন্ত্রী পদে বাজি জিতলেন। মঙ্গলবার দোলযাত্রার দিনই মেঘালয়ে শপথ নিলেন তিনি, সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা। একইসঙ্গে এদিন শপথ নিল নাগাল্যান্ডের মন্ত্রিসভাও। নাগাল্যান্ডে মুখ্যমন্ত্রী পদে পঞ্চমবারের জন্য শপথ নিলেন নেইফুউ রিও। সদস্যরা। আর এই দুই শপথগ্রহন অনুষ্ঠান আলোকিত করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ফলে বোঝাই যাচ্ছে, উত্তর-পূর্বের রাজ্যগুলির দিকে বিজেপির নজর কতটা।

মঙ্গলবার দোল উৎসবের মধ্যেই শিলং রাজভবনে কনরাড সাংমাকে শপথবাক্য পাঠ করালেন মেঘালয়ের রাজ্যপাল ফাগু চৌহান। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রিস্টোন তিনসোং এবং স্নিয়াভালাং ধর। এছাড়া, মন্ত্রিসভার সদস্য হিসেবে এনপিপি-র ৭ বিধায়ক, ইউডিপি-র ২ বিধায়ক এবং বিজেপি ও এইচএসপিডিপি-র একজন করে বিধায়ক শপথ নিলেন এদিন। প্রসঙ্গত, এইচএসপিডিপি প্রথম দিকে এনপিপি-বিজেপি জোটকে সমর্থন দিতে অস্বীকার করেছিল। ফলে মেঘালয়ে সরকার গঠনে বিপাকে পড়েছিল এনপিপি-বিজেপি জোট।

অপরদিকে, মঙ্গলবার দোল পূর্ণিমার দিনই পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নেউফিউ রিও। তাঁকে শপথবাক্য পাঠ করান নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন। এখানেও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এছাড়াও উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাৎপর্যপূর্ণ বিষয় হল নাগাল্যান্ডে এবার বিরোধীশূন্য বিধানসভা। ৬০ আসনের নাগাল্যান্ড বিধানসভায় নেইফিউ রিও-র এনডিপিপি এবং বিজেপি জোট পেয়েছিল ৩৭টি আসন। বাকি এনসিপি ৭টি, জেডিইউ ১টি, এনপিপি ৫টি, লোকজনশক্তি পার্টি ২টি এবং রামদাস আতাওয়ালের রিপাবলিকান পার্টি পেয়েছে ২টি আসন। তবে শেষ পর্যন্ত বিরোধী বিধায়করাও এনডিপিপি এবং বিজেপি জোটকে সমর্থন করেছে।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
সাধের পেঁয়াজ সাধ্যের বাইরে! কবে দাম কমবে?
দলের মধ্যে মারামারি , বিক্ষুব্ধ বিজেপি গোষ্ঠী এন্টালি থানা তালা-বন্ধ করল