সময় কলকাতা ডেস্ক, ৭ মার্চ: হোলি মানেই রঙের উৎসব। ‘খেলবো হোলি রঙ দেব না তাই কখনও হয়?’ জনপ্রিয় এই বাংলা গানের লাইন মেনে অনেকেই হই হই করে রঙ খেলবেন দোলের দিন। কিন্তু দোল বা হোলির সময় নিজের মোবাইল বা স্মার্টফোন বাঁচানোর দায় সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়ায় কিছু কিছু মানুষদের কাছে। রঙ খেলার সময় যতই চেষ্টা করুন না কেন, মোবাইল ফোনে রঙ, আবির বা জল ঢুকবেই। বর্তমানে সোশ্যাল মিডিয়ার জমানায় রঙ খেলার সময় ছবি তোলা বা ভিডিও করা একটা দস্তুর হয়ে দাঁড়িয়েছে। সমস্যা তৈরি হয় সেখানেই। এমন সময় স্মার্টফোনে জল বা আবির ঢুকে যাওয়ার সম্ভবনা বেড়ে যায়। আবার হোলির দিন অনেকে পথ চলতি মানুষের দিকে শিশুরা পিচকারি দিয়ে রঙ মেশানো জল ছুঁড়ে দেয়। তখন পকেটে রাখা মোবাইলে জল বা রঙ ঢুকে যেতে পারে। এখন সবচেয়ে বড় চিন্তা কিভাবে নিজেদের স্মার্টফোন বা মোবাইল এই জল-আবির থেকে বাঁচানো যায়? তাঁদের জন্য রইল কিছু সহজ টিপস…
ওয়াটারপ্রুফ কভার-
হোলির দিন অনেকেই নিজের মোবাইল ফোন প্ল্যাস্টিকে মুড়ে রাখেন। কিন্তু তাতে খুব একটা লাভ হয় না। এক্ষেত্রে বিশেষ ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করতে পারেন। এই ধরণের ওয়াটারপ্রুফ কভার খুব একটা দামি নয়। ১০০ থেকে ১৫০ টাকায় পাওয়া যায় খুব সহজে। এটি জল-আবির থেকে আপনার মোবাইল ফোনকে সহজেই রক্ষা করবে। এই ধরণের কভারে একটি জিপ (ZIP) দেওয়া থাকে। যা মোবাইলটিকে এয়ার টাইট রাখতে সাহায্য করে। ফলে জল পড়লে বা জলে পড়ে গেলেও ফোনের কোনও ক্ষতি হবে না।

গ্লাস ব্যাক কভার –
অনেকেই জানেন, মোবাইল ফোনকে জল থেকে সুরক্ষিত রাখতে গ্লাস ব্যাক কভার আগে থেকেই উপলব্ধ। হোলির দিন নিজের ফোন সুরক্ষিত রাখতে এই ধরণের গ্লাস ব্যাক কভার কিনে ফেলুন। এটি শুধু জল নয়, রঙ বা আবির থেকেও রক্ষা করবে আপনার সাধের স্মার্টফোনকে। অনলাইন বা অফলাইনে সহজেই পেয়ে যাবেন ভালো মানের গ্লাস ব্যাক কভার। যার দাম কমবেশি ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে।
সঙ্গে অবশ্যই প্লাস্টিক রাখুন –
হোলির দিন পকেটে একটি বাড়তি পলিথিন বা প্ল্যাস্টিকের প্যাকেট রাখবেন। এতে প্রয়োজনে আপনার ফোনটি মুড়ে রাখতে পারবেন। কারণ অনেক সময় দেখা যায় অধিক মাত্রায় জলের ব্যবহার করা হয় রঙ খেলার সময়। তখন বাড়তি সুরক্ষার জন্য পলিথিনের প্যাকেট কাজে লাগবে।

আরও টুকিটাকি –
হোলির দিন কাজে বের হতে হলে আপনার ফোনটি প্লাস্টিকে মুড়ে ব্যাগে রাখবেন। তাতে কিছুটা সুরক্ষা দেওয়া যাবে। এছাড়া হোলির দিন ফোনে প্যাটার্ন লক বা পিন ব্যবহার করবেন। কারণ রঙ খেলার পর আপনার ফোনে বায়োমেট্রিক্স লকে সমস্যা করতে পারে। সেক্ষেত্রে ফোনের লক খুলতে সমস্যা হতে পারে। আবার এতকিছুর পরও যদি মোবাইলে জল ঢুকে যায়, তবে দ্রুতই ফোন রোদে রাখুন। কোনও ভাবেই হেয়ার ড্রয়ার ব্যবহার করবেন না।


More Stories
সাপের কামড় খেয়ে পাল্টা সাপকে কামড়
বারুইপুর ‘এনকাউন্টার’: কর্মের ফল নাকি “সকালে জমা, বিকেলে খরচ!”
বারুইপুরের পথে নজিরবিহীন বিক্ষোভ ঋতব্রতদের ঘিরে, বেইমান-বালিশচাটা স্লোগান