সময় কলকাতা ডেস্ক, ৬ মার্চ: দূরপাল্লার ট্রেনে যারা যাত্রা করেন তাঁরা জানেন রাতের বেলায় সাধারণ স্লিপার এবং এসি কোচগুলিতে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়। সম্প্রতি ভারতীয় রেল রাতের ট্রেনের যাত্রীদের জন্য একাধিক নিয়ম পরিবর্তন করল। যাতে আরও আরামদায়কভাবে এবং নিশ্চিন্তে যাত্রীরা স্লিপার ক্লাস এবং যে কোনও এসি কামরায় সফর করতে পারেন তার জন্যই নিয়মে বদল করল ভারতীয় রেলের সহযোগী সংস্থা আইআরসিটিসি।

সম্প্রতি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি এই নতুন নিয়মাবলি চালু করেছে। তাতে বলা হয়েছে, রাতের দিকে সংরক্ষিত স্লিপার এবং এসি কামরায় যাত্রীরা কী কী করতে পারবেন না। আসুন দেখে নেওয়া যাক নয়া নিয়মগুলি…
- কোনও যাত্রী রাত ১০টার পর নিজের সিটে বা বার্থে উচ্চকন্ঠে মোবাইলে কথা বলতে পারবেন না। এমনকি নিজেদের মধ্যেই উচ্চকন্ঠে গল্পগুজব করতে পারবেন নাা
- ইয়ারফোন বা হেডফোন ছাড়া কোনও যাত্রী উচ্চ ডেসিবেলে গান শুনতে পারবেন না।
- কোনও যাত্রী রাত ১০টার পর সিটে রাতের আলো বা রিডিং লাইট ছাড়া অন্য কোনও আলো জ্বালাতে পারবেন না।
- একইভাবে কোনও টিকিট পরীক্ষক রাত ১০টার পর কোনও পুরোনো যাত্রীর টিকিট পরীক্ষা করতে পারবেন না।
- রাত ১০টার পর মিডল বা মাঝের বার্থের যাত্রী চাইলেই নিজের আসনে ঘুমোতে যেতে পারেন। তাঁকে নিচের বা লোয়ার বার্থে থাকা ব্যক্তি বাঁধা দিতে পারবেন না।
- কোনও অনলাইন ফুড ডেলিভারি সার্ভিসের লোক রাত ১০টার পর ট্রেনে খাবার দিতে পারবেন না। আগে থেকে অর্ডার করা খাবার রাত ১০টার আগেই ডেলিভারি দিতে হবে।

অপরদিকে যাত্রীদের লাগেজ নিয়েও নির্দেশিকা জারি করেছে আইআরসিটিসি। যেমন সংরক্ষিত স্লিপার ক্লাসের যাত্রীরা নিজেদের সঙ্গে একটি টিকিটে ৪০ কেজির লাগেজ বহন করতে পারবেন। আবার শীততাপ নিয়ন্ত্রিত কামরার যাত্রীরা সর্বাধিক ৭০ কেজি ওজনের লাগেজ বহন করতে পারবেন। জেনারেল ক্লাসের ক্ষেত্রে সর্বাধিক ৩৫ কেজি ওজনের লাগেজের অনুমতি থাকবে। তবে যদি কেউ অতিরিক্ত লাগেজ বা সামগ্রী বহন করতে চান, তবে বেশি অর্থ দিয়ে বুক করা যাবে। এক্ষেত্রে এসি কামরায় ১৫০ কেজি, স্লিপার ক্লাসে ৮০ কেজি এবং জেনারেল ক্লাসে ৭০ কেজি অতিরিক্ত লাগেজ বহন করা যাবে।


More Stories
কেক কেটে ঈদ উদযাপন
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
জেলায় জেলায় অনুপ্রবেশকারীদের ও সন্দেহভাজনদের আটক করে রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে