সময় কলকাতা ডেস্ক, ৮ মার্চ: দোলপূর্ণিমার দিনই মায়ের সামনে ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হুগলির চণ্ডীতলার জনাই এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কৃষ্ণেন্দু দাস। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আরও দু’জন। মৃতের পরিবারের দাবি, হুগলির চণ্ডীতলা থানার জনাই স্টেশন সংলগ্ন মধ্যপাড়া এলাকায় দোলের দুপুরে কৃষ্ণেন্দু দাসের সঙ্গে বচসা বাঁধে প্রতিবেশী যুবক রুনু সিংয়ের।

কৃষ্ণেন্দুর মায়ের দাবি, মঙ্গলবার বিকেলে মদ্যপ অবস্থায় রুনু ও তাঁর দুই ছেলে হঠাৎই কৃষ্ণেন্দুর উপর চড়াও হয়। তাঁর ছেলেকে বাড়ির উঠোনে ফেলে লাথি ঘুষি মারতে থাকে। এমনকী লাঠিপেটাও করা হয়েছে। অভিযোগ, বিয়ারের বোতল ভেঙে নৃশংসভাবে মারা হয় কৃষ্ণেন্দুকে। ছেলেকে মারতে দেখে বাঁচাতে এগিয়ে যান কৃষ্ণেন্দুর মা যুথিকা দাস। তাতেও ছাড় মেলেনি। অভিযোগ, উল্টে ওই মহিলাকেই ধাক্কা মেরে সরিয়ে দেন অভিযুক্তরা। এরপর স্থানীয়রা ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি।

ওখানেই চিকিৎসকরা কৃষ্ণেন্দুকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চণ্ডীতলা থানার পুলিশ। রুনু সিংকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে তাঁকে জেরা শুরু করা হয়েছে। তাঁর দুই ছেলে পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে চণ্ডীতলা থানার পুলিশ। কী কারণে তিনি এমন কাণ্ড ঘটালেন তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা। বুধবার সকালেও এলাকা থমথমে। পুলিশি টহল চলছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি