Home » ১১ দিনের ইডি হেফাজতে অনুব্রত, এবার সুকন্য়া-সহ ১২ জনকে দিল্লিতে তলব

১১ দিনের ইডি হেফাজতে অনুব্রত, এবার সুকন্য়া-সহ ১২ জনকে দিল্লিতে তলব

সময় কলকাতা ডেস্ক, ১০ মার্চ: ইডি হেফাজতে অনুব্রতের তিন দিনের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করাো হয়। এদিন গরু পাচার মামলায় আদালত ইডির আর্জি মেনে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে আরও ১১ দিনের ইডি হেফাজতে পাঠায়। এরমধ্যেই অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল-সহ মোট  ১২ জনকে সমন পাঠাল ইডি। তাঁদের আগামী ১১ দিনের মধ্যে দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এই তালিকায় সুকন্যা ছাড়াও রয়েছেন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক। ইডি-র আইনজীবী এদিন আদালতকে জানিয়েছেন, অনুব্রতর প্রাক্তন নিরাপত্তারক্ষী ধৃত সায়গল হোসেনকেও তিহার জেল  থেকে এনে মুখোমুখি জেরা করা হবে।

উল্লেখ্য, গত ৭ মার্চ রাতে কলকাতা থেকে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হয় বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে। এরপর মাঝরাতেই নাটকীয়ভাবে তাঁকে তোলা বিচারকের বাড়িতেই। সেখানেই তাঁর তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেন রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক। গত ৪৮ ঘণ্টা ইডি হেডকোয়ার্টারে ম্যারাথন জেরা মুখে পড়েন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, জেরায় তৃণমূল নেতার থেকে জানা গিয়েছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যদিও ইডি আদিকারিকদের অভিযোগ, একাধিক তথ্য গোপন করে যাচ্ছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতা।

অপরদিকে এর আগে একবার দিল্লিতে ডেকে অনুব্রত কন্যাকে জেরা করেছিল ইডি। সেবার তাঁর বিপুল সম্পত্তির হদিশ পান তদন্তকারীরা। কিন্তু এই সম্পত্তির উৎস সম্পর্কে তদন্তকারীদের ধোঁয়াশায় রেখেছিলেন সুকন্যা। সূত্রের খবর, তাঁর দাবি ছিল, এ ব্যাপারে তাঁর বাবা (অনুব্রত) এবং তাঁদের হিসাবরক্ষক জানাতে পারবেন। এবার সুকন্যা এবং তাঁদের হিসাবরক্ষক মণীশ কোঠারী, দুজনকেই দিল্লিতে ডেকে পাঠাল ইডি। অনুমান করা হচ্ছে তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। ওয়াকিবহাল মহলের মতে, এতে রহস্যের জট কিছুটা কাটবে। সূত্রের খবর, সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে যাদের যাদের সঙ্গে লেনদেনের হিসেব পাওয়া গিয়েছে, এবার তাঁদেরকে দিল্লিতে তলব করা হল।

About Post Author