Home » এবার ৮৪২ জন গ্রুপ-সি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

এবার ৮৪২ জন গ্রুপ-সি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

সময় কলকাতা ডেস্ক, ১০ মার্চ: প্রাথমিক শিক্ষক, নবম-দশমের শিক্ষক ও স্কুলের গ্রুপ ডি কর্মীদের চাকরি বাতিলের পর এবার চাকরি খোয়ালেন ৮৪২ জন গ্রুপ সি কর্মী। এরমধ্যে ৭৮৫ জনের চাকরির সুপারিশপত্র বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বাতিল হল সুপারিশপত্র ছাড়াই নিয়োগ হওয়া ৫৭ জনের চাকরি। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে ছিল টানটান উত্তেজনা। শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় এসএসসি-র কাছে জানতে চেয়েছিলেন, সুপারিশপত্র ছাড়া কতজন নিয়োগ হয়েছিল? পরিসংখ্যান জানানোর জন্য তিনি এসএসসিকে ১২০ মিনিট সময় দেন। কিন্তু মাত্র ৫৭ মিনিটের মধ্যেই ৫৭ জন গ্রুপ সি কর্মীর নামের তালিকা জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। উল্লেখ্য, রাজ্যের উচ্চপ্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে নিয়োগের জন্য সুপারিশপত্র দেয় স্কুল সার্ভিস কমিশন। সেই সুপারিশপত্র মেনে নিয়োগ করে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু এই ৫৭ জন সেই সুপারিশপত্র ছাড়াই চাকরি করছিলেন।  পাশাপাশি ৭৮৫ জনের উত্তরপত্র বা ওএমআর শিটে কারচুপি হয়েছে বলে অভিযোগ ছিল।

বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন নির্দেশ দেন, শনিবার থেকেই এই ৮৪২ জন গ্রুপ সি কর্মী নিজেদের কর্মক্ষেত্রে ঢুকতে পারবেন না। স্কুলের কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করতে হবে এসএসসিকে। তবে তাঁদের বেতনের টাকা ফেরত দিতে হবে কিনা তা নিয়ে এদিন কোনও নির্দেশ দেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরে আদালত তা বিবেচনা করবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে বাগ কমিটি রিপোর্টে বলেছে ৩৮১ জন প্রার্থীকে সুপারিশ না দিলেও তাঁরা চাকরি করছে। CBI-ও বাদ কমিটির এই রিপোর্টের সঙ্গে সহমত পোষণ করেছে। যদিও SSC-র বক্তব্য এই সংখ্যাটা ৫৭ জন।

About Post Author