সময় কলকাতা ডেস্ক, ১০ মার্চ: সম্প্রতি আমেরিকার আকাশে রহস্যময় স্পাই বেলুন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু এবার বাংলার গুরুত্বপূর্ণ এলাকা নন্দীগ্রামের একটি ফাঁকা মাঠে পাওয়া গেল এক রহস্যময় প্যারাশুট। তাঁর সঙ্গে লাগানো ছিল স্পাই ক্যামেরাও। শুক্রহবার সকালে যা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রামেজুড়ে। স্পাই ক্যামেরা-সহ ওই প্যারাশুট নজরে আসতেই স্থানীয় মানুষজন খবর দেয় পঞ্চায়েত অফিসে। পরে পঞ্চায়েতের তরফে ওই রহস্যময় প্যারাশুট ও অন্যান্য গেজেট তুলে দেওয়া হয়েছে নন্দীগ্রাম থানার হাতে। কীভাবে এবং কেন ওই প্যারাশুট নন্দীগ্রামে ঢুকল তা এখনও জানা যায়নি। তবে স্থানীয়রা মনে করছেন রাতের অন্ধকারেই প্যারাশুটটি এখানে এসে পড়েছে।

শুক্রবার সকালে নন্দীগ্রামের সোনাচুড়া পঞ্চায়েত এলাকার গোলপাড়ার একটি মাঠে প্যারাশুটটি দেখতে পান স্থানীয়রা। সেগুলি উদ্ধার করে সোনাচুড়া বাজারে নিয়ে আসেন তাঁরা। পরে সেগুলি পঞ্চায়েত অফিসে জমা দেওয়া হয়। বর্তমানে সেগুলির স্থান হয়েছে নন্দীগ্রাম থানায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রাতের অন্ধকারে অনেকেই এমন রহস্যময় প্যারাশুট দেখছিলেন কয়েকদিন ধরে। তবে জিনিসটি ঠিক কী সেটা কেউ বুঝে উঠতে পারেননি। এবার দিনের আলোয় ওই জাতীয় স্পাই ক্যামেরা লাগানো প্যারাশুট উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। তবে উদ্ধার হওয়া বস্তুগুলি নিয়ে এখনও মুখ খোলেনি নন্দীগ্রাম প্রশাসন।

একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই নন্দীগ্রাম গোটা বাংলার নজরে চলে আসে। এই কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় ছিনিয়ে নিয়েছিলেন একদা তৃণমূল নেতা বর্তমানে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। অর্থাৎ নন্দীগ্রাম থেকে হারতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়ালেও বিতর্ক পিছু ছাড়েনি নন্দীগ্রামের। স্থানীয় বিজেপি নেতারা প্রশ্ন তুলছেন কাদের ওপর নজর রাখতে নজরদারী ক্যামেরা-সহ রিমোর্টচালিত প্যারাশুট ওড়ানো হচ্ছিল? এই বিষয়ে সোনাচূড়া পঞ্চায়েতের উপপ্রধান কালীকৃষ্ণ প্রধান বলেন, ‘আজ শুক্রবার সকালে এলাকাবাসী মাঠে প্যারাশুট, ক্যামেরা এবং যন্ত্রাংশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সেখানে যান পঞ্চায়েত সদস্য খোকন শিট। প্যারাসুটে লাগানো ক্যামেরা উদ্ধারের ঘটনা আগে কখনও ঘটেনি। তাই আতঙ্ক তৈরি হয়েছে’। তবে কি কারণে এই ক্যামেরা লাগানো প্যারাশুট ব্যবহার করা হচ্ছিল তা এখনও স্পষ্ট নয়।


More Stories
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার