সময় কলকাতা ডেস্ক, ১০ মার্চ: গত ৭ মার্চ রেলে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবকে জেরা করেছিল সিবিআই। তার আগের দিনই লালুর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এবার আসরে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবারই লালু-রাবড়ির পুত্র তথা আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদবের বাড়িতে হানা দিল ইডি-র গোয়োন্দারা। এদিন তেজস্বীর দিল্লির ফ্রেন্ডস কলোনীর বাড়িতে যায় ইডির তদন্তকারীরা। উল্লেখ্য, তেজস্বী এখন বিহারের উপমুখ্যমন্ত্রী পদে আসীন। যদিও ইডির দাবি, রেলের নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার দেশজুড়ে ১৫টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তারমধ্যেই একটি দিল্লিতে তেজস্বীর বাড়ি। উল্লেখ্য, বিহারের পাটনায় রাবড়ি দেবীকে যেদিন জেরা করেছিলেন সিবিআই তদন্তকারীরা, সেদিন ওই বাড়িতেই ছিলেন তেজস্বী।

প্রসঙ্গত, ইউপিএ জমানায় ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। সেসময় তিনি জমির বদলে রেলের গ্রুপ ডি পদে বহু যুবক-যুবতীকে চাকরি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ওই সময়কালে বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন রাবড়ি দেবী। অভিযোগ, তিনিও জড়িত ছিলেন এই নিয়োগ দুর্নীতিতে। লালুকন্যা আরজেডি সাংসদ মিশা ভারতীও জড়িত ছিলেন বলে অভিযোগ। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, পুরোনো মামলা ফের নতুন করে সামনে এনে বিরোধী নেতাদের হেনস্থা করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। এই বিষয়ে দেশের ৯টি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব একযোগে চিঠি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিযোগ জানিয়েছিলেন।

ওই চিঠিতে সাক্ষর করেছিলেন আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদবও। কিন্তু এরপরই ইডি-সিবিআই তৎপরতা দেখাতে শুরু করেছে বলেই অভিযোগ জানিয়েছেন তেজস্বী। বিরোধীদের দাবি, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে বিরোধী রাজনৈতিক নেতা-নেত্রীদের চাপে রাখার কৌশল নিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। আম আদমী পার্টির নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সম্প্রতি গ্রেফতার করেছে সিবিআই। দক্ষিণের নেত্রী তথা কেসিআর কন্যা কবিতাকেও দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ডেকে পাঠিয়েছে ইডি। যদিও তিনি দিল্লিতে অনশন শুরু করেছেন। তাঁর পাশে দাঁড়িয়েছে তৃণমূল-সহ দেশের ১২টি বিরোধী রাজনৈতিক দল। এরমধ্যেই তেজস্বীর বাড়িতে ইডি হানা বিতর্ক আরও উস্কে দিল।


More Stories
পাথরের দেবতাকে পুজো না করে জীবন্ত দেবতা মোদি ও যোগীকে পুজো করার নিদান বিজেপি বিধায়কের
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
জয়শ্রীরাম বললেই রোগীর পাঁচশো টাকা ছাড়- বিতর্ক চিকিৎসকের সিদ্ধান্তে