সময় কলকাতা ডেস্ক, ১১ মার্চ: নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সন্ধ্যায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁকে হাজির করানো হয় ব্যাঙ্কশাল আদালতে। আর আদালতে ঢোকার মুখে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন এই তৃণমূল নেতা। পাশাপাশি ইঙ্গিত করলেন জেলে থাকা লোকজনই তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। ওয়াকিবহাল মহলের মতে শান্তনুর ইঙ্গিত তৃণমূল যুব নেতা কুন্তলের দিকেই। এদিন ব্যাঙ্কশাল আদালতের বিচারক শান্তনুকে আগামী ১৩ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছেন। অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত তাঁকে ইডির হেফাজতেই থাকতে হবে।

শনিবার ব্যাঙ্কশাল আদালতে ঢোকার মুখে হুগলির তৃণমূল নেতাকে প্রশ্ন করতে থাকেন সাংবাদিকরা। তখনই ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় চিৎকার করে তিনবার বলেন ‘আমি নির্দোষ, নির্দোষ, নির্দোষ’। এরপরই তাঁকে বলতে শোনা যায়, ‘আমি কিছু (টাকা) নিইনি, আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে’। কারা ফাঁসাচ্ছেন এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘জেলের ভিতর থাকা লোকজনই আমাকে ফাঁসাচ্ছে’। তবে এই বিষয়ে কারও নাম করেননি শান্তনু।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই ধৃত হুগলির বলাগড়ের তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের ঘনিষ্ট বলেই পরিচিত শান্তনু বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে তাঁর উত্থানও উল্কার গতিতে। গত জানুয়ারি মাসেই শান্তনুর বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেখান থেকে উদ্ধার হয়েছিল শিক্ষক নিয়োগ পরীক্ষার বেশ কয়েকটি অ্যাডমিট কার্ড। তারপর তাঁকে দফায় দফায় জেরা করে ইডির গোয়েন্দারা। শেষ পর্যন্ত তাঁকে শুক্রবার গ্রেফতার করে কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা।


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?