Home » প্রবল তুষারপাতে সিকিমের নাথুলায় আটকে বহু পর্যটক, উদ্ধারে নামল সেনা

প্রবল তুষারপাতে সিকিমের নাথুলায় আটকে বহু পর্যটক, উদ্ধারে নামল সেনা

সময় কলকাতা ডেস্ক, ১২ মার্চ: গ্যাংটক থেকে ৪২ কিলোমিটার দূরে ছাঙ্গুলেক ও নাথুলা পাস দেখতে গিয়ে প্রবল তুষারপাতে আটকে গেলেন প্রায় ৯০০ পর্যটক। শনিবার বিকেল থেকে পূর্ব সিকিমের বহু অংশে শুরু হয়েছে তুষারপাত। এর জেরে সিকিমের ১৫ মাইল এলাকায় অন্তত ১১৩টি গাড়িতে কমবেশি ৯০০ পর্যটক আটকে পড়েছিলেন বলে জানা গিয়েছে।

একেই প্রবল তুষারপাত অন্যদিকে খোলা আকাশের নিচে কনকনে ঠান্ডায় অবস্থা কাহিল হয়ে পড়ছিল পর্যটকদের। এই পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজে নেমে পড়ে সেনাবাহিনী। শনিবার রাতেই কিছু পর্যটককে উদ্ধার করে গ্যাংটকে ফিরিয়ে আনেন সেনা জওয়ানরা। বাকিদের কাছাকাছি সেনা ছাউনিতে আশ্রয় দেওয়া হয়েছিল। রবিবার সকালে ফের উদ্ধারকাজ শুরু করেছে সেনা। তবে এখনও বহু পর্যটক ওই এলাকায় আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল থেকেই আবহাওয়া খারাপ হতে শুরু করে ছাঙ্গু ও নাথুলায়। তখন পর্যটকদের নিয়ে গাড়িগুলি ফিরছিল গ্যাংটকের দিকে। প্রবল তুষারপাতের জেরে সিকিমের ১৫ মাইল এলাকায় আটকে পড়ে ১১৩টি গাড়ি। অন্যান্য এলাকায় আরও কিছু গাড়ি আটকে পড়ে। পুরু বরফ জমে রাস্তা বন্ধ হয়ে যায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৫টি গাড়িকে উদ্ধার করা হয়েছে।এরপরই আসরে নামে সেনাবাহিনী। আটকে পড়া অনেক পর্যটককে উদ্ধার করে নিকটবর্তী সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়। তাঁদের সেনার চিকিৎসকেরা শুশ্রূষা করছেন। খাবারের ব্যবস্থাও করে সেনাবাহিনী। জানা যাচ্ছে রবিবার সকাল থেকেই উদ্ধারকাজে নতুন করে ঝাঁপিয়েছে সেনা জওয়ানরা।

About Post Author