সময় কলকাতা ডেস্ক, ১২মার্চ: বদলাতে শুরু করেছে আবহাওয়া। আগামী সপ্তাহ থেকেই একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। কার্যত সেকারণেই কিছুটা কমবে তাপমাত্রার পারদ। সারাদিনই গুমোট অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ সকাল থেকেই আংশিক মেঘলা। রাজ্যে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪০ থেকে ৮০ শতাংশ।

পূর্বাভাস বলছে,সপ্তাহান্তে দিনভর মেঘলা থাকবে আকাশ। এদিকে,আগামী বৃহস্পতিবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ দিনাজপুর,ঝাড়গ্রাম,বীরভূম,মুর্শিদাবাদ,পুরুলিয়া ও বাঁকুড়ায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। আগামী সপ্তাহেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া পুরোপুরি পরিবর্তন হতে চলেছে। উত্তর ও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
বিহার ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন