Home » অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় স্পেশাল টাস্ক ফোর্স গঠন নবান্ন-র

অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় স্পেশাল টাস্ক ফোর্স গঠন নবান্ন-র

সময় কলকাতা ডেস্ক, ১২ মার্চ:  করোনার রেশ কাটতে না কাটতেই বাংলায় ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। নিত্যদিনই জেলার নানাপ্রান্ত থেকে মিলছে শিশু মৃত্যুর খবর। এবার এই পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল টাস্ক ফোর্স গঠন করল নবান্ন। শনিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী একটি বৈঠক থেকে সংবাদিকদের মুখোমুখি হয়ে এই স্পেশাল টাস্কের কথা বলেন। মুখ্যসচিবের নেতৃত্বে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা রাজ্যে ছড়িয়ে পড়া অ্যাডিনোভাইরাসের পরিস্থিতি খতিয়ে দেখবে। এই কমিটিতে রয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, আলাপন বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট চিকিৎসক ডা.ঢালি সহ প্রমুখ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব জানান, এখনও পর্যন্ত রাজ্যে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১১ হাজার জন। তার মধ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের। এই ১৯ জনের মধ্যে ১৩ জন ছিল কো-মোর্বিডিটি রোগী। তবে,বর্তমানে এই ভাইরাসে আক্রান্তের হার আগের তুলনায় অনেকটাই কমেছে। আগে যেখানে প্রতিদিন ৮০০ থেকে ৮৫০ আক্রান্তের খবর পাওয়া যেত, এখন সেটা এসে দাঁড়িয়েছে ৫০০ থেকে ৬০০তে। গরম পড়তে শুরু করলে ধীরে ধীরে কমবে অ্যাডিনো ভাইরাসের দাপট। শুধুমাত্র অ্যাডিনো ভাইরাসের কারণে যে শিশু মৃত্যু হচ্ছে,তা একেবারেই নয়। বর্তমানে একাধিক ভাইরাসের প্রকোপ বেড়েছে। তার মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও আছে। শিশুদের স্বাস্থ্য পরিষেবায় প্রতিটি হাসপাতালকে বিশেষ নজর দিতে হবে। এই ভাইরাস মোকাবিলায় বেশকিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই রাজ্যের  সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে ও হাসপাতালে অ্যাডিনো ভাইরাস  নিয়ে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। পরিস্থিতির ওপর ২৪ ঘণ্টা নজর রাখতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পর্যাপ্ত অক্সিজেন ও অক্সিজেন সরবরাহের সরঞ্জাম রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। প্রত্যেক স্বাস্থ্য কেন্দ্রে ও হাসপাতালে শিশুদের জন্য বিশেষ ইউনিট খোলার কথা বলা হয়েছে। যেকোনও প্রয়োজনে সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। ‘অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন’ চিকিৎসার জন্য রাজ্যের ১২১টি হাসপাতালে পাঁচ হাজার শয্যার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালগুলিতে ৬০০ জন শিশুরোগ বিশেষজ্ঞ থাকছেন। ওপিডিতেও একজন শিশুরোগ চিকিৎসক থাকবেন। ২৪৭৫টি ‘সিক নিউ বর্ন কেয়ার ইউনিট’, ৬৫৪টি পিআইসিইউ বেড ও ১২০টি এনআইসিইউ বেড তৈরি রাখা হয়েছে। শিশু বিভাগের কর্মীদের সব ছুটি বাতিল করার কথা বলা হয়েছে।

About Post Author