Home » দেশকে নতুন পথ দেখাল রেলস্টেশনের এক চায়ের দোকান!

দেশকে নতুন পথ দেখাল রেলস্টেশনের এক চায়ের দোকান!

সময় কলকাতা ডেস্ক, ১৫ মার্চ: ভারতের যে কোনও রেলস্টেশনে চায়ের দোকান থাকবেই। একটাও চায়ের দোকান নেই এমন স্টেশন হয়তো খুঁজেই পাওয়া যাবে না ভূ-ভারতে। আবার এটাও দেখা যায় কোনও কোনও স্টেশনে দু-পা অন্তর একটা চায়ের দোকান আছে। আর এক মামুলি চায়ের দোকানই কিন্তু গোটা দেশের নজর কেড়ে নিল। বলা ভালো এক নতুন দিগন্ত শুরু হল ওই চায়ের দোকানের মাধ্যমে। কি এমন আছে ওই চায়ের দোকানে? সেই গল্পই আজ বলবো।

অসমের গুয়াহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে সম্প্রতি একটি চায়ের দোকানের উদ্বোধন হয়। যেটি উদ্বোধন করেন স্বয়ং নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্ত। আসলে ওই চায়ের দোকানটি বৃহন্নলাদের দ্বারা পরিচালিত। যা দেশের মধ্যে প্রথম। বৃহন্নলাদের সামাজিক স্বীকৃতি ও সমাজের মূল স্রোতে ফেরাতে এটা একটা দিগন্তকারী উদ্যোগ বলে দাবি নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের।

গুয়াহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এই চায়ের দোকানটির নাম “ট্রান্স টি স্টল”। পুরো গোলাপি রঙ দিয়ে সাজানো গোছানো দোকানটি অন্য দোকানগুলোর থেকে একেবারেই আলাদা। যা সহজেই রেলযাত্রীদের নজর কাড়ছে। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এবার অন্যান্য রেলস্টেশনেও বৃহন্নলাদের টি স্টল ছড়িয়ে দেওয়ার কথা ভাবছে। ভারতে পিছিয়ে পড়া বৃহন্নলা সমাজের উন্নতির পথ দেখাতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও এই বিশেষ চায়ের দোকানের ছবি শেয়ার করে টুইট করেছেন।

About Post Author