সময় কলকাতা ডেস্ক, ১৫ মার্চঃ পিঠে মানেই যে মালপোয়া বা পায়েস, তা কিন্তু একেবারেই নয়। সেই দস্তুর ভেঙে এবার বানিয়ে ফেলুন সুস্বাদু কাতলা মাছের পাটিসাপটা। মাছ বরাবরই বাঙালির খুব প্রিয়। আর মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি বোধহয় খুব কমই দেখা যায়। তাই চেনা পদের অচেনা স্বাদ পেতে পাটিসাপটা বানান কাতলা মাছ দিয়ে। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
কাতলা মাছের পেটি: ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি: আধ কাপ
রসুন বাটা: দেড় চা চামচ
আদা বাটা: এক চা চামচ
কাজু বাদাম বাটা: দু’ চা চামচ
সেদ্ধ আলু: দু’টি
কিশমিশ: এক চা চামচ
ডিম: দুটি
গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ

কাঁচা লঙ্কা কুচি: এক টেবিল চামচ
ময়দা: আধ কাপ
সুজি: আধ কাপ
ঘি: এক টেবিল চামচ
লাল লঙ্কা গুঁড়ো: দেড় চা চামচ
চিনি : দু’টেবিল চামচ
সাদা তেল: পরিমাণ মতো
লেবুর রস: এক টেবিল চামচ
নুন: স্বাদ মতো

প্রণালী
প্রথমেই কাতলা মাছের পেটিগুলিতে নুন ও লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে সেদ্ধ করে নিন। এবার মাছের থেকে কাটা বেছে নিন। একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ সোনালি না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। এরপর এতে আদা ও রসুন বাটা, কাজু বাটা দিয়ে কষাতে থাকুন। একে একে নুন, লঙ্কা গুঁড়ো ও কিশমিশ দিয়ে নাড়তে থাকুন। ভাজা ভাজা হয়ে এলে গরম মশলা দিয়ে নামিয়ে নিন। এবার পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই সুজি এক ঘণ্টা দুধে ভিজিয়ে রাখুন। আলাদা একটি পাত্রে ময়দা, ডিম, ও নুন একসঙ্গে ফেটিয়ে নিন। এই মিশ্রণে সুজি মিশিয়ে একটি ঘন গোলা তৈরি করুন। এবার পাটিসাপটা করার জন্য চাটুতে মাখন লাগিয়ে মিশ্রণটি হাতা দিয়ে ছড়িয়ে দিন। পাটিসাপটার মাঝখানে মাছের পুর দিয়ে দিন। ভাজা হয়ে এলে সস আর স্যালাড সহযোগে গরম গরম পরিবেশন করুন কাতলা মাছের পাটিসাপটা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি