Home » ফের আবাস যোজনা দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মালদায়

ফের আবাস যোজনা দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মালদায়

সময় কলকাতা ডেস্ক, ১৫ মার্চঃ প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতির অভিযোগে উত্তাল বাংলার রাজ্য রাজনীতি। প্রায়শই জেলার নানা প্রান্ত থেকে উঠে আসছে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। তারই মধ্যে ফের প্রকাশ্যে মালদার আবাস যোজনা দুর্নীতির ঘটনা। টাকা দিয়েও মিলেনি সরকারি আবাস যোজনার ঘর। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান, ও তৃণমূল সদস্য এবং প্রধান ঘনিষ্ঠ তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। বুধবার মালদা রতুয়া রাজ্য সড়কের মির্জাতপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ,সরকারি ঘর পাইয়ে দেওয়ার জন্য ১০ হাজার টাকা করে কাটমানি নিয়ে ছিলেন পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের সদস্য এবং প্রধান ঘনিষ্ঠ তৃণমূল নেতারা। কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত মেলেনি আবাস যোজনার ঘর। এ বিষয়ে একাধিকবার পঞ্চায়েত প্রধানকে জানালেও কোন লাভ হয়নি। তাই এদিন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ ব্যহত হয় যান চলাচল। প্রায় দু’ঘণ্টা পর পুলিশি সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত রতুয়া ২ ব্লকের পরাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জাসমিন বিবি। এ প্রসঙ্গে তিনি বলেন,দলের কোন ব্যক্তি কারো কাছ থেকে আবাস যোজনার কোন টাকা নেয়নি। বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনের আগে ষড়যন্ত্র করছে।


প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রাপকদের তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগে সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতি উত্তাল। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত বিডিও অফিস ঘেরাও চলছে। এর আগেও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প, যেগুলি রাজ্য সরকার বাস্তবায়িত করে, তা নিয়ে দুর্নীতির অভিযোগে একাধিকবার জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কোনও ক্ষেত্রে আবার সিবিআই তদন্তেরও আর্জি জানানো হয়েছিল। প্রতি ক্ষেত্রে টাকা নয়ছয়ের অভিযোগ ওঠেছে। এবারও প্রধান মন্ত্রী আবাস যোজনা নিয়ে তালিকায় গরমিলের অভিযোগ উঠছে। যদিও বিরোধীদের অভিযোগ, আবাস যোজনার উপভোক্তাদের তালিকায় নাম থাকছে বিধায়কের আত্মীয়, স্থানীয় নেতৃত্ব কিংবা তাঁদের আত্মীয়দের। যাঁদের পাকা বাড়ি, গাড়ি রয়েছে, এহেন একাধিক ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন বলে অভিযোগ। অথচ যাঁদের মাথার ওপর পাকা ছাদ নেই, তাঁদের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।


উল্লেখ্য, “বাংলার আবাস” যোজনার আওতায় বাংলার ১১ লক্ষ ৩৬ পরিবারকে বাড়ি বানানোর খরচ হিসাবে গত বছর নভেম্বর মাসেই ৮২০০ কোটি টাকা অনুমোদন দেয় কেন্দ্র। এই প্রকল্পে কেন্দ্রের তরফে ৬০ শতাংশ এবং রাজ্যের তরফে ৩০ শতাংশ ব্যয় করা হয়। সেই অনুপাতে রাজ্যের দেওয়ার কথা সাড়ে ৫ হাজার কোটি টাকা। ৩১ মার্চের মধ্যে ওই টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে দেবার কথা ছিল। কিন্তু এরই মধ্যে এই প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগে রাজ্য জুড়ে রাজনীতি উত্তাল। শাসক দলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ উঠেছে।

About Post Author