Home » এবার মহিলা যাত্রীর সঙ্গে রেলের টিকিট পরীক্ষকের উত্তপ্ত ঝগড়ার ভিডিও ভাইরাল

এবার মহিলা যাত্রীর সঙ্গে রেলের টিকিট পরীক্ষকের উত্তপ্ত ঝগড়ার ভিডিও ভাইরাল

সময় কলকাতা ডেস্ক, ১৬ মার্চ: সম্প্রতি রেলের এক টিকিট পরীক্ষক চলন্ত ট্রেনেই মহিলা যাত্রীর মাথায় প্রস্রাব করে খবরের শিরোনামে এসেছিলেন। তাঁকে সাসপেন্ড করে রেল। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল আরেক টিকিট পরীক্ষকের কীর্তি। বেঙ্গালুরুর কেআর পুরম (KR Puram) রেলস্টেশনে একজন মহিলা যাত্রীর সঙ্গে এক টিকিট পরীক্ষক (টিটিই) উত্তপ্ত বাক্য বিনিময় করছেন। সেই ভিডিও এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। ওই মহিলা সম্ভবত বাঙালি, কারণ তাঁরে হাতে ধরা ব্যাগটিতে বাংলায় লেখা ছিল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এই ঘটনাতেও সংশ্লিষ্ট টিটিই-কে সাসপেন্ড করেছে দক্ষিণ-পশ্চিম রেল। তিনি সে সময় মত্ত অবস্থায় ছিলেন বলেই দাবি।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক মহিলা যাত্রী এক টিকিট পরীক্ষকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করছেন। আর তা দেখতে সেখানে ভিড় জমেছে। ওই মহিলা যাত্রীকে রীতিমতো আঙুল উঁচিয়ে বলতে শোনা যায়, ‘আমার কাছে টিকিট আছে তাই আমি এখানে আছি’। ওই টিকিট পরীক্ষক পাল্টা আঙুল উঁচিয়ে চিৎকার করে খারাপ শব্দ প্রয়োগ করে বলছেন, ‘আমাকে সেটা দেখান এবং এখান থেকে চলে যান’। কিন্তু বারবার ওই মহিলা তাঁকে বোঝানোর চেষ্টা করলেও টিকিট পরীক্ষক তাঁর সঙ্গে তর্ক করে যাচ্ছেন। এমনকি এক সহযাত্রীকে ওই মহিলার পাশে দাঁড়িয়ে বলতে শোনা যায় ওই রেলকর্মী একা ভ্রমণ করা মহিলাকে অপমান করেছেন।

মহিলা যাত্রীকে বারবার বলতে শোনা যায়, তিনি এর আগেও তাঁকে টিকিট দেখিয়েছেন। ট্রেনের ভিতর দায়িত্বে থাকা পরীক্ষককেও টিকিট দেখিয়েছিলেন। তবুও এই টিকিট পরীক্ষক তাঁকে হেনস্থা করছেন। এরপরই অন্যান্য যাত্রীরা ওই টিকিট পরীক্ষককে ঘিরে ধরেন। এবং তিনি মত্ত অবস্থায় আছেন বলেও অভিযোগ করেন সহযাত্রীরা। পরে রেলের অন্য আধিকারিক সেখানে আসেন। ভিডিওতে ওই মহিলাযাত্রীকে কাঁদতেও দেখা যায়। পরে দক্ষিণ পশ্চিম রেল ওই মত্ত টিকিট পরীক্ষককে সাসপেন্ড করেছে বলে জানিয়েছে। বিহারে অকাল তখত এক্সপ্রেসে এক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনার একদিন পরই এই ভিডিও ভাইরাল হল। যা নিয়ে নতুন করে রেলকর্মীদের দিকে আঙুল উঠছে।

About Post Author